• facebook
  • twitter
  • youtube
Sunday, 12 July, 2026

ভার-বিতর্কের ঝড় তুলল সুইৎজারল্যান্ডও! এমবোলোর লাল কার্ড নিয়ে তোপ

ম্যাচের পর সুইৎজারল্যান্ড শিবিরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলের কোচ মুরাত ইয়াকিন রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন

ভার-বিতর্কের ঝড় তুলল সুইৎজারল্যান্ডও! এমবোলোর লাল কার্ড নিয়ে তোপ

Red Card Photo-SNS

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন সুইৎজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলো। ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই সিদ্ধান্তের নেপথ্যে ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার)-এর হস্তক্ষেপ। আর সেই ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেকেই।

তখন ম্যাচের ফল ১-১। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে সমতা ফেরায় সুইৎজারল্যান্ড। ঠিক সেই সময়েই আর্জেন্টিনার পেনাল্টি বক্সে বল ধরতে গিয়ে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমবোলো। প্রথমে রেফারি খেলতে নির্দেশ দিলেও পরে ভার-এর পরামর্শে ঘটনাটি আবার দেখেন। রিপ্লে দেখার পর এমবোলোকে ফাউলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেন তিনি। ১০ জনে নেমে আসার পরও সুইৎজারল্যান্ড লড়াই চালিয়ে যায়। নির্ধারিত সময়ে আর্জেন্টিনাকে আর গোল করতে দেয়নি তারা। কিন্তু অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের পর সুইৎজারল্যান্ড শিবিরে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। দলের কোচ মুরাত ইয়াকিন রেফারির সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমি ঘটনাটা বেশ কয়েকবার দেখেছি। আমার কাছে এটা কখনওই দ্বিতীয় হলুদ কার্ডের মতো মনে হয়নি। এত বড় ম্যাচে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল,” বলেন ইয়াকিন। তিনি আরও যোগ করেন, “আমার ফুটবলাররা অসাধারণ লড়াই করেছে। ১০ জন নিয়ে আমরা শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু এমন একটি সিদ্ধান্ত ম্যাচের ফলকেই বদলে দিয়েছে। এটা মেনে নেওয়া কঠিন।”

অন্যদিকে আর্জেন্টিনা শিবির অবশ্য রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনও বিতর্কে যেতে চায়নি। অধিনায়ক লিওনেল মেসি বলেন, “রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমরা শুধু নিজেদের খেলায় মন দিয়েছিলাম। শেষ পর্যন্ত জিততে পেরেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও একই সুরে বলেন, “আমরা সব সময় ম্যাচ জেতার চেষ্টা করি। রেফারির সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা শুধু নিজেদের কাজটা করেছি।”

ভার-এর এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেক প্রাক্তন ফুটবলার ও সমর্থকের দাবি, এমবোলোর ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানো অত্যন্ত কঠোর সিদ্ধান্ত ছিল। অনেকের মতে, রেফারি খেলার নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। সব বিতর্কের মাঝেই আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে তাদের সামনে ইংল্যান্ড। তবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এই বিতর্কিত ভার সিদ্ধান্ত নিয়ে আলোচনা যে আরও বহুদিন চলবে, তা বলাই যায়।