দীর্ঘ ন’বছর পর ফের শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেখা যাবে ভারতকে। সেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই দুই ম্যাচের সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ আগস্ট গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। অর্থাৎ, স্বাধীনতা দিবসের দিনেই মাঠে নামবেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুলরা। এরপর কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ থেকে ২৭ আগস্ট। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজটিও ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
এদিকে, শেষবার ২০১৭ সালে বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। তার আগে ২০১৫ সালেও পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বীপরাষ্ট্রের মাটিতে পূর্বসূরীদের সেই সাফল্যের ধারাই বজায় রাখতে চাইবেন গিলরা।
এই প্রসঙ্গে বলা যায়, বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ন’টি টেস্টে তাদের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। অন্যদিকে, শ্রীলঙ্কা ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারায় ভারতের ফাইনালের লড়াই এমনিতেই কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু তাই নয়, শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে। এই সিরিজের পর আগামী নভেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। এরপর আগামী বছরের শুরুতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর সিরিজ খেলবে তারা।




