• facebook
  • twitter
  • youtube
Monday, 8 June, 2026

বিশ্বকাপ জিতলে উধাও হবে বিখ্যাত ঝাঁকড়া চুল! কুকুরেয়ার ‘গোপন বাজি’ ঘিরে জোর চর্চা

এখন দেখার, স্পেন বিশ্বকাপ জেতে কি না, আর জিতলে কুকুরেয়া সত্যিই তাঁর বিখ্যাত কোঁকড়ানো চুলকে বিদায় জানান কি না

ফুটবল বিশ্বকাপ মানেই মাঠের যুদ্ধের পাশাপাশি নানা মজার গল্পও। ২০২৬ বিশ্বকাপের আগে এমনই এক অদ্ভুত বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। চর্চার বিষয় স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া তাঁর খেলা যেমন পরিচিত, তেমনই পরিচিত তাঁর ঘন ঝাঁকড়া চুলের স্টাইলও। আর সেই চুল নিয়েই নাকি তিনি ধরেছেন এক চমকে দেওয়া বাজি! স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুকুরেয়া সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে স্পেন যদি ২০২৬ বিশ্বকাপ জেতে, তা হলে তিনি তাঁর বহু বছরের পরিচিত ঝাঁকড়া চুল কেটে ফেলতে পারেন। যদিও তিনি বিষয়টি নিয়ে পুরোপুরি খোলসা করেননি, তবুও তাঁর এই মন্তব্য সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

বর্তমান স্প্যানিশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কুকুরেয়া। ইউরো ২০২৪ জয়ের সময়ও তিনি দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাঁ-প্রান্তে তাঁর নিরলস দৌড়, আক্রমণে সাহায্য করা এবং রক্ষণে দৃঢ় উপস্থিতি স্পেনকে বাড়তি শক্তি জোগায়। ফুটবল বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে খেলোয়াড়দের মধ্যে নানা ধরনের ব্যক্তিগত প্রতিজ্ঞা বা বাজির ঘটনা নতুন নয়। কেউ চুলের স্টাইল বদলান, কেউ বিশেষ ট্যাটু করান, আবার কেউ ট্রফি জিতলে অন্য কোনও প্রতিশ্রুতি পূরণ করেন। কুকুরেয়াও সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে তাঁর ঝাঁকড়া চুল এতটাই জনপ্রিয় যে বিশ্বকাপ জিতলেও অনেক সমর্থক হয়তো চাইবেন না তিনি তা কেটে ফেলুন!

বিশ্লেষকদের মতে, স্পেন এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। তরুণ প্রতিভা, অভিজ্ঞ ফুটবলার এবং ইউরো চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস—সব মিলিয়ে ‘লা রোহা’ খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে। যদি শেষ পর্যন্ত ট্রফি স্পেনের হাতেই ওঠে, তাহলে তার সেলিব্রেশনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে কুকুরেয়ার সেই রহস্যময় ‘হেয়ার বেট’।

এখন দেখার, স্পেন বিশ্বকাপ জেতে কি না, আর জিতলে কুকুরেয়া সত্যিই তাঁর বিখ্যাত কোঁকড়ানো চুলকে বিদায় জানান কি না। ফুটবলপ্রেমীরা আপাতত সেই উত্তর জানার অপেক্ষাতেই রয়েছেন।