ভারতে মেট্রো, অর্ধ-দ্রুতগতির ও দ্রুতগতির ট্রেনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পোল্যান্ডের সংস্থা পেসা বাইডগোশের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করল জুপিটার ওয়াগনস লিমিটেড। ২৩ অক্টোবর দিল্লিতে পোল্যান্ড-ভারত অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে যাত্রীবাহী রেলযান তৈরি, উৎপাদন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের দেশীয়করণ নিয়ে যৌথভাবে কাজ করার সম্ভাবনা খতিয়ে দেখবে দুই সংস্থা।
ভারতে মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণ, অর্ধ-দ্রুতগতির ট্রেনের জনপ্রিয়তা এবং দেশের প্রথম দ্রুতগতির রেলপথ নির্মাণের ফলে আধুনিক যাত্রীবাহী ট্রেনের চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে পণ্যবাহী ওয়াগন প্রস্তুতকারক সংস্থা থেকে পূর্ণাঙ্গ পরিবহণ পরিকাঠামো নির্মাণকারী সংস্থা হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে জুপিটার ওয়াগনস।
পোল্যান্ডের বৃহত্তম ট্রেন নির্মাতা পেসার ১৮৫১ সাল থেকে রেলযান নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। ইউরোপে মেট্রো, ট্রাম ও যাত্রীবাহী ট্রেন তৈরি এবং রক্ষণাবেক্ষণে সংস্থাটি পরিচিত। অন্যদিকে, ভারতীয় রেলের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে রেলযান ও বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে জুপিটার ওয়াগনস।
আরও পড়ুন: ভারতে ২ গিগাওয়াট ক্ষমতার এআই-উপযোগী ডেটা সেন্টার গড়বে টিসিজি
সংস্থার ব্যবস্থাপনা অধিকর্তা বিবেক লোহিয়া জানিয়েছেন, পেসার প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং জুপিটারের উৎপাদনক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের দেশীয় যাত্রীবাহী ট্রেন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হবে। পেসার প্রধান ক্রিস্তফ জ়ডজিয়ারস্কির মতে, ভারতের রেলবাজারে এই সহযোগিতা সংস্থার আন্তর্জাতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।




