রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ব্যাট হাতে। সেই ব্যাটগুলিই এ বার হয়ে উঠবে ইতিহাসের নিদর্শন। ক্রিকেট জীবনের ২৬টি স্মরণীয় ব্যাট মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) হাতে তুলে দিচ্ছেন শচীন তেন্ডুলকর।
শুধু ব্যাট নয়, তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মারক—হেলমেট, জার্সি, ব্যক্তিগত নোটও জায়গা পাবে মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট মিউজিয়ামে। শচীনের ক্রিকেট জীবনের নানা অধ্যায় নিয়ে তৈরি এই বিশেষ প্রদর্শনীর নাম ‘ব্যাটোগ্রাফি’।
আগামী ১৬ নভেম্বর এই প্রদর্শনীর উদ্বোধন হবে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩-র ১৬ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম তথা শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ঘরের মাঠে সেই ম্যাচের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।
ব্যাটের গল্পে শচীনের জীবনের অধ্যায়
‘ব্যাটোগ্রাফি’ নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে প্রদর্শনীর ভাবনা। জীবনী বা বায়োগ্রাফির মতোই সচিনের ক্রিকেটজীবনের গল্প বলা হবে তাঁর ব্যবহার করা ব্যাটগুলির মাধ্যমে। প্রতিটি ব্যাটের সঙ্গে জড়িয়ে রয়েছে কোনও না কোনও স্মরণীয় ইনিংস, সাফল্য কিংবা ঐতিহাসিক মুহূর্ত। এমন ব্যাটও থাকছে, যেগুলি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ১০০টি সেঞ্চুরির কিছু ইনিংস খেলেছিলেন শচীন।
এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকেরা শুধু ব্যাট দেখতে পাবেন না, ফিরে দেখতে পারবেন সেই ব্যাটগুলির সঙ্গে জড়িয়ে থাকা ক্রিকেটের ইতিহাসও। এক একটি ব্যাট যেন শচীনের দীর্ঘ কেরিয়ারের এক একটি অধ্যায়। তাঁর ব্যাটিংয়ের সাক্ষী থাকা সেই সরঞ্জামগুলিই এ বার নতুন প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে ধরবে মাস্টার ব্লাস্টারের যাত্রাপথ।
বিভিন্ন প্রজন্মের জন্য সংরক্ষণ
এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক এই উদ্যোগকে ভারতীয় ক্রিকেটের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভারতীয় ও বিশ্ব ক্রিকেটে শচীন তেন্ডুলকরের অবদান তাঁর গড়া রেকর্ডের অনেক ঊর্ধ্বে। তাঁর ক্রিকেটজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ সমর্থকের স্মৃতি। এই ব্যাটগুলি তাঁর সেই যাত্রার অত্যন্ত ব্যক্তিগত স্মারক”।
তিনি আরও বলেন, ‘ব্যাটোগ্রাফির মাধ্যমে আমরা এমসিএ মিউজিয়ামে একটি নতুন মাত্রা যোগ করছি। যে সরঞ্জামগুলি দিয়ে ইতিহাস তৈরি হয়েছে, সেগুলির মাধ্যমেই দর্শকেরা সেই সাফল্যের নেপথ্যের গল্প জানতে পারবেন। শচীন তাঁর অমূল্য সম্পদগুলি এমসিএ-র সঙ্গে ভাগ করে নিতে রাজি হয়েছেন, যাতে ক্রিকেটপ্রেমীদের আগামী প্রজন্মও এই অসাধারণ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ’।
ব্যাটের পাশাপাশি প্রদর্শনীতে থাকবে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি এবং কেরিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তের নানা ব্যক্তিগত স্মারক ও নোট। লক্ষ্য একটাই—শুধু রেকর্ড নয়, সেই রেকর্ড তৈরির পিছনের গল্পও বাঁচিয়ে রাখা।
ক্রিকেটের ইতিহাসে শচীনের ব্যাটের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এ বার সেই ব্যাটগুলিই মিউজিয়ামের কাচের মধ্যে থেকেই বলবে এক কিংবদন্তির জীবনকথা।




