• facebook
  • twitter
  • youtube
Thursday, 24 September, 2026

বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোনাল্ডো, কেন সিদ্ধান্ত বদলালেন জানালেন নিজেই

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, 'হ্যাঁ, আমি অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। আমাকে ভাবতেই হয়। আর এখন আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন—তার মানে আমি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি'

বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা ভেবেছিলেন রোনাল্ডো, কেন সিদ্ধান্ত বদলালেন জানালেন নিজেই

Photo: Representational Image

বিশ্বকাপ শেষ। পর্তুগালও ছিটকে গিয়েছে। সেই সময়ই কি জাতীয় দলকে বিদায় জানিয়ে দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? প্রশ্নটা উঠেছিল। এমনকী, নিজেও নাকি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেননি ৪১ বছরের মহাতারকা। বরং নতুন করে পর্তুগালের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। কেন? নিজের মুখেই জানালেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।

২০২৬ বিশ্বকাপের (World Cup) শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। তার পরেই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসেছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, ‘হ্যাঁ, আমি অবসর নেওয়ার কথা ভেবেছিলাম। অবশ্যই আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। আমাকে ভাবতেই হয়। আর এখন আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন—তার মানে আমি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: শুটিংয়ে ভাল-মন্দের মিশেল পঞ্চম দিনে, স্কিটে সাফল্য ভারতের, মিক্সড টিমে প্রথম এশিয়াড পদক

রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছেন, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা এবং নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই আলোচনার পরও নিজের উপর বিশ্বাস হারাননি তিনি। তাঁর কথায়, ‘আমি এখনও বিশ্বাস করি যে জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করতে পারি। শুধু গোল করে নয়, মাঠের বাইরেও দলকে সাহায্য করতে পারি।’

তবে নিজের ভবিষ্যৎ নিয়ে একটি শর্তও স্পষ্ট করে দিয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর জায়গায় নতুন প্রজন্ম উঠে আসছে, তা মেনে নিয়েও তিনি আপাতত সরে দাঁড়াতে রাজি নন। বলেছেন, ‘যেদিন ওরা বলবে জাতীয় দলে আমাকে আর চায় না, সবার আগে আমিই চলে যাব। যখন মনে হবে আমি দলকে আর কিছু দিতে পারছি না, কিংবা আমার জন্য দলের পরিবেশ খারাপ হচ্ছে, তখনও আমিই প্রথমে চলে যাব।’

রোনাল্ডোর (Cristiano Ronaldo) সামনে এখন দুটি বড় লক্ষ্য। প্রথমটি ক্লাব এবং দেশ মিলিয়ে কেরিয়ারের ১০০০ গোলের মাইলফলক। দ্বিতীয়টি পর্তুগালের হয়ে আবার উয়েফা নেশনস লিগ জেতা। তাঁর কথায়, ‘আমার লক্ষ্য দু’টো—১০০০তম গোল করা এবং নেশনস লিগ জেতা। জানি, আমি এই লক্ষ্য পূরণ করতে পারব। তবে এটা আমার কাছে কোনও আবেগ নয়। বাকিটা উপভোগ করতে চাই।’

আরও পড়ুন: এতদিন ছিলেন চুপ, এশিয়ান গেমসে রুপো জেতার পর এ বার বাছাই-বিতর্কে মুখ খুললেন রোশিবিনা

এখনও ১০০০ গোল থেকে ২১ গোল দূরে রোনাল্ডো(Cristiano Ronaldo)। আর পর্তুগালের হয়ে তাঁর ২৩৪তম ম্যাচে নামার কথা ওয়েলসের বিরুদ্ধে, নেশনস লিগের ম্যাচে। নতুন কোচ জর্জ জেসুস ইতিমধ্যেই নিশ্চিত করেছেন, সেই ম্যাচে শুরু থেকেই খেলবেন রোনাল্ডো।

জাতীয় দলে তাঁকে নিয়ে সমালোচনাও রয়েছে। রোনাল্ডো (Cristiano Ronaldo) তা জানেন। তাঁর বক্তব্য, ‘আমি জানি পর্তুগালের সমর্থকেরা আমাকে ভালবাসেন। তবে কিছু টিভি চ্যানেল আমার সমালোচনা করতে চায়, আমি সেটা বুঝি। কিন্তু আমি এই সব নিয়ে ২০ বছরেরও বেশি অভ্যস্ত। আমার স্মৃতি তাঁদের সঙ্গেই, যাঁরা আমাকে ভালবাসেন।’

রোনাল্ডোর (Cristiano Ronaldo) কাছে জাতীয় দলের জার্সি এখনও গুরুত্বপূর্ণ। অবসর নিয়ে প্রশ্নের নিশ্চিত উত্তর না দিলেও আপাতত তাঁর বার্তা পরিষ্কার—পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। সেই যাত্রায় সামনে ১০০০ গোলের মাইলফলক। এমনকী, নিজের দেশের জার্সিতে সেই গোল করতে পারলে সেটাই হবে তাঁর কেরিয়ারের ‘সেরা সমাপ্তির মুহূর্ত’—এমন কথাও জানিয়েছেন তিনি।

দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী