শুটিংয়ে আবার পদক ভারতের। এশিয়ান গেমসে (Asian games) স্কিটের মিক্সড টিম ইভেন্টে প্রথম বার পদক জিতল ভারত। বৃহস্পতিবার অনন্তজিৎ সিং নারুকা এবং প্যারিনাজ ধালিওয়ালের জুটি ব্রোঞ্জ জিতল। ফাইনালে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় ভারত। সোনা চিনের, ৫২ পয়েন্ট। রুপো দক্ষিণ কোরিয়ার, ৫১।
এই ব্রোঞ্জ শুধু একটি পদক নয়, ভারতীয় স্কিটের দুর্দান্ত দু’দিনের সাফল্যের মুকুটও। বুধবার পুরুষদের দলগত ইভেন্টে অনন্তজিৎ, ভবতেঘ সিং গিল এবং মেরাজ আহমেদ খান ব্রোঞ্জ জিতেছিলেন। তার পর মহিলাদের দলগত ইভেন্টে প্যারিনাজ, রাইজা ধিল্লোঁ এবং মহেশ্বরী চৌহানের হাত ধরে আসে আরও একটি ব্রোঞ্জ। ২৪ ঘণ্টার মধ্যেই অনন্তজিৎ-প্যারিনাজ জুটি মিক্সড টিমেও পদক এনে দিল। অর্থাৎ এশিয়ান গেমসের (Asian games) তিনটি স্কিট দলগত ইভেন্টেই পদক এল ভারতের ঝুলিতে।
আরও পড়ুন: এতদিন ছিলেন চুপ, এশিয়ান গেমসে রুপো জেতার পর এ বার বাছাই-বিতর্কে মুখ খুললেন রোশিবিনা
তবে মিক্সড টিমের লড়াইটা সহজ ছিল না। যোগ্যতা পর্বে ১৩৮ পয়েন্ট করে চতুর্থ হয়ে ফাইনালে উঠেছিল ভারত। অনন্তজিৎ করেছিলেন ৭৫-এর মধ্যে ৭০, প্যারিনাজ ৬৮। যোগ্যতায় শীর্ষে ছিল কাতার—১৪৫। দক্ষিণ কোরিয়া ১৪৩ এবং চিন ১৪০ পয়েন্ট নিয়ে পরের দুই জায়গায় ছিল। কিন্তু ফাইনালে আগের সব স্কোর মুছে নতুন করে শুরু হয় লড়াই।
প্রথম রাউন্ডেই কাতার ছিটকে যায়। ফলে ভারতের ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়। কিন্তু সেখানেই থামতে চাননি অনন্তজিৎ-প্যারিনাজ। শুরুতে ২৪টির মধ্যে ২১টি লক্ষ্যভেদ করে ভারত। চিন ২৩ এবং দক্ষিণ কোরিয়া ২২-এ এগিয়ে ছিল। পরের রাউন্ডে হাওয়ার দাপট আরও বাড়ে। কঠিন পরিস্থিতিতেও ভারতীয় জুটি ২৪টির মধ্যে ২৩টি লক্ষ্যভেদ করে মোট স্কোর ৪৪-এ নিয়ে যায়। তবে সোনা-রুপোর লড়াইয়ে আর ঢুকতে পারেনি তারা।
প্যারিনাজের কাছে এই পদক বিশেষ। কারণ, ২৪ বছরের পটিয়ালার শুটার বুধবার মহিলাদের দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছিলেন। অর্থাৎ, এ বার এশিয়ান গেমসে এটি তাঁর দ্বিতীয় পদক। ২০২৩-এর হাংঝৌ এশিয়ান গেমসে (Asian games) মহিলাদের দলগত পদক হাতছাড়া হয়েছিল। এ বার সেই আক্ষেপ অনেকটাই মিটে গেল।
পদক জয়ের পরে প্যারিনাজ বলেন, ‘আমরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলাম। একে অপরকে বার বার লড়াই চালিয়ে যেতে বলেছি। মিক্সড টিমে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ’। অনন্তজিৎয়ের কাছে এই ব্রোঞ্জের গুরুত্ব আরও বেশি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহেশ্বরী চৌহানের সঙ্গে মিক্সড টিমে চতুর্থ হয়েছিলেন তিনি। এ বার এশিয়ান গেমসে (Asian games) সেই চতুর্থ হওয়ার যন্ত্রণা মিটিয়ে উঠলেন পোডিয়ামে। তাঁর কথায়, ‘এই পদকটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ হলে পোডিয়ামে ওঠা হয় না। আজ আমরা ভাল লড়াই করেছি এবং ব্রোঞ্জ জিতেছি’।
ভারতীয় শুটিংয়ে এ দিন অবশ্য হতাশাও ছিল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে ভারত। ছয় সিরিজ মিলিয়ে কমলজিৎ, বালাকৃষ্ণ কেদারলিং উচাগানভে এবং আকাশ ভরদ্বাজের দল শেষ করে চতুর্থ স্থানে।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের মোট স্কোর ১৭৩০। কিন্তু শেষ পর্যন্ত ব্রোঞ্জ চলে যায় জাপানের হাতে। জাপানের স্কোরও ১৭৩০ হলেও ভারতের চেয়ে বেশি ছিল তাদের গুরুত্বপূর্ণ ‘ইনার ১০’—যে কারণে পদক জেতে তারা। সোনা চিনের, রুপো ইন্দোনেশিয়ার। ব্যক্তিগত লড়াইয়েও ভারতীয়দের দিনটা ভাল যায়নি। কমলজিৎ, আকাশ ভরদ্বাজ, কেদারলিং— তিন জনের কেউই ব্যক্তিগত ফাইনালে উঠতে পারেননি।
দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী




