• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

যুব বিশ্বকাপ জয়ের মাঠে সিনিয়র দলের জার্সি গায়ে নামার অনুভূতি নিয়ে কী বলছেন বৈভব সূর্যবংশী?

তাঁর বিশ্বাস, কঠোর পরিশ্রমই তাঁকে আবার ছন্দে ফিরিয়ে আনবে। বৈভব বলেন, ‘আমি নিজের উপর আস্থা রাখি। কঠোর পরিশ্রম করছি। আশা করছি, খুব শীঘ্রই ভালো ফল পাব’।

যুব বিশ্বকাপ জয়ের মাঠে সিনিয়র দলের জার্সি গায়ে নামার অনুভূতি নিয়ে কী বলছেন বৈভব সূর্যবংশী?

Photo: X

গত কয়েক মাসে ব্যাট হাতে প্রত্যাশামতো সাফল্য পাননি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দুরন্ত ১৭৫ রানের ইনিংস খেলে দেশকে চ্যাম্পিয়ন করার পর থেকেই তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু সেই উচ্চতা ছোঁয়ার পর ভারতীয় দলের জার্সিতে ধস নেমেছে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীর ফর্মে। এবার সেই কঠিন সময় নিয়ে মুখ খুললেন ১৫ বছরের এই প্রতিভাবান ব্যাটার।

বৈভব স্বীকার করেছেন, সাম্প্রতিক সময় তাঁর পক্ষে মোটেও সহজ ছিল না। তবে খারাপ সময়কে পিছনে ফেলে নতুন করে শুরু করতে চান তিনি। বিসিসিআই-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলেন, ‘গত চার মাসে অনেক উত্থান-পতন এসেছে। তবে ক্রিকেটে এগুলো স্বাভাবিক। আমি এখন নতুন করে শুরু করতে চাই এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব’।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে ভারতের খেতাব জয়ে অন্যতম নায়ক ছিলেন বৈভব। কিন্তু এরপর ধারাবাহিকভাবে বড় রান করতে না পারায় সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডে টি-২০ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দল থেকে বাদ পড়ার পর বৈভবকে আবেগপ্রবণ দেখায়। এত কম বয়সে এমন ধাক্কা সামলানো যে সহজ নয়, তা স্বীকার করে তরুণ ব্যাটার জানান, কোচ এবং আশপাশের মানুষের সমর্থনই তাঁকে সেই হতাশা কাটিয়ে আবার ক্রিকেটে মন দিতে সাহায্য করেছে।

বৈভব বলেন, “এটা স্বাভাবিক ব্যাপার। আমার যা কিছু প্রয়োজন— পরামর্শ হোক বা অন্য কোনও সাহায্য—কোচেরা সবকিছুই করে দিচ্ছেন। যতটা অনুশীলন দরকার, সেটাও করতে পারছি। এখন খুব ভালো লাগছে। আত্মবিশ্বাসও ফিরে এসেছে।”

তবে অতীতের ব্যর্থতা নিয়ে বেশি ভাবতে নারাজ এই তরুণ ক্রিকেটার। তাঁর বিশ্বাস, কঠোর পরিশ্রমই তাঁকে আবার ছন্দে ফিরিয়ে আনবে। বৈভব বলেন, ‘আমি নিজের উপর আস্থা রাখি। কঠোর পরিশ্রম করছি। আশা করছি, খুব শীঘ্রই ভালো ফল পাব’।

আপাতত ভারতের সিনিয়র দলের সঙ্গে জিম্বাবোয়ে সফরে রয়েছেন বৈভব। বৃহস্পতিবার নামবেন হারারেতে, যে মাঠে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। ‘এই মাঠটা আমার কাছে খুবই স্মরণীয়। মাত্র চার মাস আগে এখানেই আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম এবং চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এই মাঠটা আমার কাছে ভীষণ স্পেশ্যাল। যে মাঠে চার মাস আগে আমরা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিলাম, সেই মাঠেই আবার ফিরে এসে ভারতের হয়ে খেলার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। আমি এই অভিজ্ঞতাটা সত্যিই উপভোগ করছি,’ বলেন বৈভব।

এই কিশোর তারকা আরও জানান, সুযোগ পেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই মাঠে খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান। কারণ, এই ভেন্যুতে তিনি আগেও সফল হয়েছেন। বলেন, ‘এখানকার উইকেট আর পরিবেশ সম্পর্কে আমার বেশ ভালো ধারণা রয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় এখানে খেলেছিলাম, তাই তখন যা শিখেছি, সেই অভিজ্ঞতাগুলো এবার ম্যাচে কাজে লাগানোর চেষ্টা করব এবং ভালো পারফর্ম করতে চাই। এই মাঠে আমি দু’টো ম্যাচ খেলেছি এবং দু’টোতেই ভালো খেলেছি। সেই ধারাবাহিকতাই বজায় রাখার চেষ্টা করব’।

ভারতের ভবিষ্যতের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন বৈভব। তাই তাঁর প্রত্যাবর্তনের দিকেই এখন নজর ভারতীয় ক্রিকেট মহলের। তরুণ ব্যাটারও অতীতের হতাশা ভুলে নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন।