শক্তি হারিয়ে স্থলভাগের দিকে ঢুকছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোলেও বৃহস্পতিবার গভীর রাতে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অ্যাকভান। শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর বুলেটিনে জানিয়েছে ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইতিমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। তবে কেন্দ্র বা ‘আই অফ দ্য সাইক্লোন’ এখনও গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রয়েছে। সেটি স্থলভাগে প্রবেশ করলে গোপালপুর ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারে পৌঁছতে পারে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হওয়ার পর আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে অ্যাকভান।
দেখুন:




