• facebook
  • twitter
  • youtube
Thursday, 19 November, 2026

পাটিয়ালা-সাঙ্গরুর হাইওয়েতে ভেঙে পড়ল সেতু! ভাকরা খালের উপর ঝুলে রইল দু’টি ট্রাক, আগুন একটি গাড়িতে

ট্রাক দু’টি সেতু পার হওয়ার সময় আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ফলে দু’টি ভারী গাড়ি আটকে যায়। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়

পাটিয়ালা-সাঙ্গরুর হাইওয়েতে ভেঙে পড়ল সেতু! ভাকরা খালের উপর ঝুলে রইল দু’টি ট্রাক, আগুন একটি গাড়িতে

Image: ANI

পাঞ্জাবের পাটিয়ালা-সাঙ্গরুর জাতীয় সডকে বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে পাসিয়ানা গ্রামের কাছে ভাকরা খালের উপর থাকা একটি স্টিলের সেতু ভেঙে পড়ে।  সেই সময় সেতুর উপর দিয়ে দু’টি ট্রাক যাচ্ছিল। সেতুর একাংশ ধসে পড়ায় ট্রাক দু’টি ভাঙা কাঠামোর উপর আটকে যায়। খালের উপর বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকে ভারী গাড়ি দু’টি। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় দু’দিকের যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

সূত্রের খবর, ট্রাক দু’টি সেতু পার হওয়ার সময় আচমকাই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ফলে দু’টি ভারী গাড়ি আটকে যায়। এর মধ্যে একটি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সেতু ভেঙে পড়ার প্রভাব পড়েছে ভাকরা খালের জলপ্রবাহেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভাঙা সেতুর কয়েকটি অংশের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: অখিলেশের রোড শোয়ে মর্মান্তিক দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু বিজেপি নেতার নাবালক ছেলের

প্রায় এক দশক আগে সেতুটি তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে সেতুর রক্ষণাবেক্ষণ এবং নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। সেতুর কাঠামোগত দুর্বলতা, অতিরিক্ত ভারবহন নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে সংশ্লিষ্ট রাস্তা এড়িয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে গাড়িচালকদের।

দেখুন: