• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

সরে দাঁড়ানোর কথা বলে জল্পনা উস্কে দিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো

গত ম্যাচে একটা চ্যালেঞ্জ নিয়ে গোয়ায় খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে প্রমাণ করেছিল লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে।

ইস্টবেঙ্গল শিবিরে নতুন করে আরও একটি সমস্যা দেখা দিল কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। বেশ কিছুদিন ধরে কোচ অস্কার দলের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি কর্মকর্তারা প্রায় সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলেন, দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচকে দায়ী করে পদত্যাগের পথেই যেতে বলবেন। ওই সময় কোচ কিছুটা পিছিয়ে থেকেও আবারও দলের স্বার্থে খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন। আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গলের করুণ অবস্থা দেখে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনায় সার্থক রূপ দিয়েছিলেন। যার ফলে বেশ কয়েকটা ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবলে একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে যায় ইস্টবেঙ্গল।

গত ম্যাচে একটা চ্যালেঞ্জ নিয়ে গোয়ায় খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে প্রমাণ করেছিল লাল-হলুদ ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে। আর এই অবস্থায় ফিরে আসতে কোচ অস্কার ব্রুজোর অঙ্ক কাজে লেগেছে। এমনকি এই জয়ের ফলে মিগুয়েল ও আনোয়ার আলিরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ কিছুটা এগিয়ে যেতে পেরেছেন। কিন্তু এরই মধ্যে নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে কোচকে নিয়ে। চলতি মরশুম শেষ হলেই তিনি ইস্টবেঙ্গলের কোচ হিসেবে থাকবেন না বলে জানিয়েছেন সোস্যাল মিডিয়ায়।

Advertisement

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ৯ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। যার ফলে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল থেকে এক ধাপ উপরে রয়েছে মুম্বাই দল। ইস্টবেঙ্গল একটা কম ম্যাচ খেলেছে। সেই কারণেই দলের কাছে অবশ্যই একটা বাড়তি সুযোগ রয়েছে পরবর্তী ম্যাচটা জিতে লিগ টেবলে আরও ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য। আগামী ৫ মে ইস্টবেঙ্গল খেলবে মুম্বাই দেলর সঙ্গে।

Advertisement

ওড়িশা ম্যাচ জেতার পরে গোয়া থেকে ফিরে এসেছে দল। একদিন বিশ্রাম নেওয়ার পরেই শুক্রবার থেকে দল আবার নেমে পড়েছে অনুশীলনে। পুরোদমে অনুশীলন শুরু করেছে লাল-হলুদ ব্রিগেডের ফুটবলাররা। এরই মধ্যে কোচ অস্কার ব্রুজো দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এমন খবর খেলোয়াড়দেরকেও বিচলিত করছে। যখন ভারতীয় ফুটবলের রেখাচিত্র অনিশ্চয়তার মধ্যে রয়েছে, ঠিক তখনই অস্কার ব্রুজোর এই সিদ্ধান্ত অবশ্যই তাৎপর্যপূর্ণ।

কোচ বলেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ফুটবলারদের সঙ্গে অল্পসময়ের জন্য চুক্তি করেছেন। আবার ফুটবলের উন্নতিতে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা সঠিকপথে হয়নি। হয়তো সেই কারণেই কোচ অস্কার ব্রুজো নিজেই বলেছেন, এই মুহূর্তে আমার শেষ লড়াই আগামী মে মাস পর্যন্ত এই চুক্তি রয়েছে। তাহলে কি এই মাসটা শেষ হলেই ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে ডাগআউটেই দেখতে পাওয়া যাবে? কোচ যেভাবে এই জল্পনাকে উস্কে দিলেন, তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে।

তবে এখনও পুরোদমে অনুশীলনে তিনি ব্যস্ত রয়েছেন। চোট পাওয়া মহম্মদ রশিদ ও আনোয়ার আলিকে নিয়ে গিয়েছিলেন গোয়াতে। দলের সঙ্গে তাঁরা পুরোপুরি অনুশীলন করেছিলেন। তবে প্রথম একাদশে তাঁদের রাখা হয়নি। বর্তমানে যেভাবে তাঁরা অনুশীলনে নেমে পড়েছেন, তাতে আশা করা যায় আগামী ম্যাচে তাঁদের মাঠে দেখলে কোনও ভুল হবে না। জানা গেছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে মিগুয়েলের শাস্তি কমানোর জন্য আবেদন করা হয়েছে।

Advertisement