• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

ক্লাবকর্তাদের প্রতি ক্ষোভ থেকেই দায়িত্ব ছাড়ছেন অস্কার

বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তাই চার ম্যাচ আগেই কোচের দল ছাড়ার সিদ্ধান্ত কি খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তে পারে? তা মানতে চাইলেন না লাল-হলুদ কোচ।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জল্পনা ছিলই। একদিন আগেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতও দিয়েছিলেন। আর রবিবার দুপুরে প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে চলতি মরসুম শেষে ক্লাব ছাড়ার কথা পরিষ্কার জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। যদিও, দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত একান্তই নিজের ব্যক্তিগত বলে দাবি করেছেন লাল-হলুদ কোচ। কিন্তু ঘুরিয়ে বিষয়টির জন্য দায়ী করে গেলেন ক্লাবকর্তাদের। তাঁদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকেই দুষলেন তিনি। বিদায়ী লাল-হলুদ কোচ বলেন, মরসুম শেষ হতে চললেও এখনও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তিবৃদ্ধির বিষয়ে ম্যানেজমেন্টের কেউ কোনোরকম আলোচনা করেননি। খেলোয়াড়রা জানেনই না পরের মরসুমে কী হবে।

অস্কারের স্পষ্ট বক্তব্য, বেতন সমস্যা, ভারতীয় ফুটবল নিয়ে অনিশ্চয়তা, আইএসএলের অবস্থান কোনোটাই এই সিদ্ধান্তের জন্য দায়ী নয়। বরং, ক্লাব পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা না থাকায় দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। বর্তমানে, তাঁদের সামনে কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। কোনও কাজের দায়িত্ব নেই। যেহেতু ভবিষ্যতের দিশা নেই, তাই তিনি আর কোচিংয়ের দায়িত্ব সামলাবেন না। ইতিমধ্যেই বিষয়টি কোচিং স্টাফ এবং দলের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন লাল-হলুদ কোচ।

Advertisement

এদিকে অস্কারের সঙ্গেই ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন সহকারী কোচ আদ্রিয়ান মার্টিনেজ এবং ফিটনেস ট্রেনার জাভিয়ের স্যাঞ্চেজ। তবে ক্লাবকর্তাদের ওপর ক্ষোভ থাকলেও ইমামি কর্তা বিভাস আগরওয়ালকে বিশেষ ধন্যবাদ জানালেন অস্কার ব্রুজো। চলতি মরসুমের দলগঠনের ক্ষেত্রে তাঁকে বিশেষভাবে সাহায্য করেছেন বিভাস। কোন জায়গায় কোন ফুটবলার নেওয়া হবে, কোথায় বাড়তি জোর দিতে হবে সবই তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করেছিলেন তিনি। সেজন্য, এ বছর দলের যা পারফরম্যান্স হয়েছে, তার সম্পূর্ণ দায়ভারও নিলেন তিনি। পাশাপাশি, সমর্থকদেরও বিশেষ ধন্যবাদ জানাতে ভুললেন না অস্কার ব্রুজো। এদিন লাল-হলুদ কোচ বলেন, ইস্টবেঙ্গল সমর্থকরা অন্যতম সেরা। ক্লাবের খারাপ বা ভালো সবসময় তাঁদের পাশে পেয়েছেন তিনি। তাই, লাল-হলুদ সমর্থকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, বর্তমানে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তাই চার ম্যাচ আগেই কোচের দল ছাড়ার সিদ্ধান্ত কি খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়তে পারে? তা মানতে চাইলেন না লাল-হলুদ কোচ। বরং তিনি মনে করছেন, পরিস্থিতি যাই হোক না কেন, বাকি চারটে ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেবে খেলোয়াড়রা।

সোমবার সকালে মুম্বাই উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। আপাতত দলে কোনোরকম চোট-আঘাত সমস্যা নেই। পাশাপাশি, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লাল-হলুদ কোচকে স্বস্তি দিতে চলেছে মিগুয়েলের শাস্তি প্রত্যাহার। গত শুক্রবার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, যাতে মুম্বাই ম্যাচের আগে মিগুয়েলের নির্বাসন তুলে নেওয়া যায়। তা মেনে নিয়েছে ফেডারেশনের আপিল কমিটি। ফলে, গুরুত্বপূর্ণ মুম্বাই ম্যাচে পুরো দলই পাচ্ছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

Advertisement