লেকটাউনে স্থাপিত লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তিকে ঘিরে সাম্প্রতিক সময়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছিল। তাদের অভিযোগ ছিল সামান্য হাওয়া দিলেই মূর্তিটি হাওয়ায় দুলছে। যা নজর এড়ায়নি প্রশাসনেরও। আর তারপরেই মঙ্গলবার রাত থেকে সেই মূর্তি মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দপ্তর।
প্রশাসনের দাবি, বর্তমান অবস্থায় মূর্তিটিকে অক্ষতভাবে নামানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আপাতত সেটিকে স্থিতিশীল রাখার কাজ চলছে। সেজন্য, মূর্তিটি মোটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হয়েছে, যাতে কোনওভাবে সেটি ভেঙে না পড়ে। আপাতত মই লাগিয়ে কাজ করছেন মিস্ত্রিরা। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, মূর্তিটির ভিত যথেষ্ট শক্ত নয়। আর তাই, মাটি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
বিষয়টি নিয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অনুমতি ছাড়া পূর্ত দপ্তরের জমি দখল করে মূর্তিটি তৈরি করা হয়েছিল। তিনি বলেন, মূর্তিটি সরিয়ে আপাতত কোনও পার্কে রাখা হবে। তবে বেআইনি পেডেস্টাল ভেঙে ফেলা হবে। এই প্রসঙ্গে বলা যায়, গত বছরের ডিসেম্বরে কলকাতা সফরে ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন লিওনেল মেসি। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে তৈরি হয়েছিল মূর্তিটি। তবে কয়েক মাসের মধ্যেই তার বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement
Advertisement



