অবশেষে লেকটাউন থেকে সরল লিওনেল মেসির মূর্তি। সোমবার সকাল থেকে এই ৭০ ফুট উঁচু মেসির মূর্তি সরানোর প্রক্রিয়া শুরু করে প্রশাসন। দমকা হাওয়ায় মূর্তিটি বিপজ্জনকভাবে দুলতে থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল। সেকারণেই এদিন দুপুরে হাইড্রলিক ক্রেনের মাধ্যমে মূর্তিটি সরিয়ে ট্রাকে তুলে নিয়ে যায় পূর্ত দপ্তর। মূর্তিটি আপাতত পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে থাকবে বলে জানা গিয়েছে। এবার কোথায় মূর্তিটি রাখা হবে তা এখনও পূর্ত দপ্তরের তরফে জানানো হয়নি। তবে ইকো পার্ক বা রবীন্দ্র সরোবরের মধ্যে যেকোনও একটি জায়গায় মূর্তিটি রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কয়েকদিন আগে লেক টাউন থানায় খবর দেওয়া হয় যে, ঝড়ের কারণে লিওনেল মেসির মূর্তিটি দুলতে শুরু করেছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। এরপরে অভিযোগ পেয়ে পুলিশ ও পূর্ত দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। মূর্তিটি খতিয়ে দেখা হয়। মূর্তির বর্তমান অবস্থান দেখে পূর্ত দপ্তরের এক ঠিকাদার কর্মী জানান মূর্তির ফাউন্ডেশন বোল্টে সমস্যা রয়েছে। মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেকারণেই মূর্তিটি সরিয়ে নেওয়া উচিত বলে দাবি করেন তিনি। এরপরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়।
Advertisement
নিরাপত্তার স্বার্থে মূর্তির পিছনের রাস্তা, পাশের মাঠ-সহ ওই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এমনকি অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা হিসেবে দড়ি দিয়ে বেঁধেও রাখা হয়েছিল মূর্তিটিকে। এরপরে সোমবার মূর্তিটি ওই পাটাতন থেকে সরানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মেসির কলকাতা সফর চলাকালীন লেকটাউনের মোড়ে স্থাপন করা হয়েছিল এই মূর্তি। মেসি নিজেই ভার্চুয়ালি উদ্বোধন করেন এই মূর্তির। মূর্তি বসানোর নেপথ্যে ছিলেন তৃণমূলের মন্ত্রী সুজিত বসু।
Advertisement
Advertisement



