ভাষা দিবসের দিন আইএসএলের দ্বিতীয় ম্যাচে আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ দিল্লি এসসি। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বেশ প্রত্যয়ী ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। প্রথম ম্যাচে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি’কে দাপটের সঙ্গে হারিয়েছে তাঁর দল। ফলে, এই ম্যাচে নামার আগে বেশ চনমনে রয়েছেন ফুটবলাররা। তার উপর এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছে ষষ্ঠ বিদেশি অ্যান্টন সজবার্গও। তার উপর প্রতিপক্ষ দিল্লি দল আগের ম্যাচে বেঙ্গালুরুর কাছে ০-২ গোলে হেরে গিয়েছে। সবমিলিয়ে আইএসএলের দ্বিতীয় ম্যাচে নামার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। পাশাপাশি, কোচ অস্কারকে স্বস্তি দিচ্ছে রাইট ব্যাক রাকিপের সুস্থ হয়ে ওঠা। ম্যাচের আগেরদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সারলেন তিনি। বিষয়টি নিয়ে অস্কার জানান, দিল্লির বিপক্ষে মাঠে নামতে পুরোপুরি তৈরী রাকিপ। যদিও, ম্যাচের আগেরদিন অনুশীলনে দেখা গেল না মিডফিল্ডার সাউল ক্রেস্পোকে। তবে, সদ্য দলের সঙ্গে যোগ দিলেও বেশ ফিট নবাগত স্ট্রাইকার সজবার্গ।
কোচ চাইলে এই ম্যাচে তাঁকে মাঠে নামাতেই পারেন। এদিকে, আইএসএলে আসার পর থেকে চলতি মরসুমে প্রথমবারের জন্য জয় দিয়ে লিগ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। স্বাভাবিকভাবেই প্রিয় দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। বিষয়টি নিয়ে বেশ সতর্ক লাল-হলুদ কোচ অস্কার। ম্যাচের আগেরদিন তাঁর স্পষ্ট জবাব, এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে একেবারেই ভাবতে চান না তিনি।
Advertisement
বরং, একটা করে ম্যাচ ধরে এগোতে চান। অস্কার বলেন, খাতায় কলমে হয়তো ইস্টবেঙ্গল ভালো দল। কিন্তু, বিগত বছরগুলোতে মাঠের লড়াইয়ে বারবার পিছিয়ে পড়েছে তারা। তাই, এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভেবে অহেতুক খেলোয়াড়দের ওপর চাপ বাড়াতে চান না লাল-হলুদ কোচ। বর্তমানে, তাঁর প্রধান লক্ষ্য সেরা দলগুলির সঙ্গে নিজেদের ব্যবধান যতটা সম্ভব কমিয়ে ফেলা। আর এজন্য ফিফা বিরতির আগে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চান তিনি। সাবধানী অস্কার আরও বলেন, ছোট এই লিগে একটা ম্যাচে ফলাফল বিপক্ষে যাওয়া মানেই লড়াইয়ে পিছিয়ে পড়া। ফুটবলারদেরও বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তিনি।
Advertisement
পাশাপাশি, প্রতিপক্ষ নিয়েও বেশ সমীহ শোনা গেল তাঁর মুখে। জানালেন, দিল্লির কোচ টোমাসেজ টচর্জ আগে মোহনবাগানের হয়ে কাজ করে গেছে। ফলে, কলকাতার ফুটবল সমন্ধে ধারণা আছে। তাই, প্রথম ম্যাচ হারলেও প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে রাজি নন অস্কার। একইসঙ্গে, গত ম্যাচে ভালো খেলায় ফুটবলারদের বেশ প্রশংসাও করলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। জানালেন, খেলার ৬০ মিনিটের পরেও খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেছে। অস্কারের মতে, প্রতিপক্ষ দলের ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগটা এডমুন্ড, বিষ্ণু’রা নিতে পেরেছেন। এটাই যে তাদের পরিকল্পনা ছিল, সেকথাও জানাতে ভুললেন না অস্কার। দিল্লি
ম্যাচেও এই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।
Advertisement



