• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

ভারতের জার্সিতে অভিষেক হলো না বৈভবের, কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?

কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছে

ভারতের জার্সিতে অভিষেক হলো না বৈভবের, কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?

অনেকে ভেবেছিলেন আয়ারল্যান্ড সফরের প্রথম টি-২০ ম্যাচেই ব্যাট হাতে নামতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। কিন্তু প্রথম এগারোয় রাখাই হল না তাঁকে। অর্থাৎ, ভারতের জার্সি গায়ে মাঠে নামতে আরও অপেক্ষা করতে হবে ১৫ বছরের বিস্ময়বালককে। বৃহস্পতিবার ভারতীয় দলের নেটে অনেকক্ষণ ব্যাটিং করেন বৈভব। তার পরে দলের কোচ গৌতম গম্ভীর ও অন্যান্য কোচিং স্টাফের সঙ্গে তাঁকে আলোচনা করতেও দেখা যায়। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল এই ম্যাচেই সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে তাঁকে দেখা যাবে ১৫ বছর ৯১ দিন বয়সী বৈভবকে। শোনা গিয়েছিল বৈভবের ঝোড়ো ব্যাটিং দেখার আশা প্রবাসী ভারতীয়রা বেলফাস্টের ম্যাচের প্রচুর টিকিটও কিনেছিলেন। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বৈভব যে প্রথম এগারো থেকে বাদ পড়তে পারেন, তার ইঙ্গিত ম্যাচের আগের দিন ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের কথাতেই পাওয়া গিয়েছিল। সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেছিলেন, “আমি নিশ্চিত, ও নিজের প্রাপ্য মর্যাদা এবং সুযোগ দুটোই পাবে। তাই শুধু ওকে সুযোগ করে দেওয়ার জন্য এমন একজনকে দল থেকে বাদ দেওয়া উচিত বলে আমি মনে করি না, যে ইতিমধ্যেই ধারাবাহিকভাবে রান করছে। সেটাও মোটেই ন্যায্য হবে না। আমার মনে হয়, কাউকে সুযোগ করে দেওয়া এবং অন্য একজন ক্রিকেটারের প্রতি অন্যায় করা— এই দুইয়ের মধ্যে খুব সুক্ষ্ম একটা পার্থক্য রয়েছে”।

শুক্রবার ভারতীয় দলের প্রথম এগারোর তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় ভারতের ব্যাটিং লাইন-আপে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, শিবম দুবে থাকলেও বৈভব নেই। টসের সময় ভারতীয় অধিনায়ক এই খবর জানাতেই গ্যালারিতে হতাশার সুর শোনা যায়। কেন বৈভব নেই, শ্রেয়সকে তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, বৈভব সূর্যবংশী খেলছে না। ও অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটার। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছে। তাই আপাতত আমরা তাদের ওপরই আস্থা রাখছি। সময় এলে বৈভব অবশ্যই সুযোগ পাবে।”

টসে জিতে এ দিন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। এই সিদ্ধান্তের যুক্তি দিতে গিয়ে শ্রেয়স বলেন, “উইকেটটা বেশ ভালোই মনে হচ্ছে। এই পিচে আমরা প্রথমবার খেলছি। আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটারই এর আগে এখানে খেলেনি। তাই এখানকার পরিস্থিতি, আবহাওয়া এবং উইকেটের চরিত্র বিবেচনা করেই আমরা আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি।” এদিন ম্যাচের শুরুতেই ভারতীয় বোলাররা বিপদে ফেলে দেন আইরিশ ব্যাটারদের। বিশেষ করে হর্ষিত রাণা, যিনি চোটের কারণে টি-২০ বিশ্বকাপে খেলতেই পারেনি। চোট সারিয়ে ভারতীয় জার্সিতে মাঠে ফিরে বিধ্বংসী মেজাজে রয়েছেন তিনি। প্রথম তিন ওভারের মধ্যে দুই আইরিশ ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। ৫১ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় আয়ারল্যান্ডের। অধিনায়ক লরকান টাকারের হাফ সেঞ্চুরি তাদের ১১৫ পর্যন্ত টেনে নিয়ে যায়। ১২৫ রানে পৌঁছতে আইরিশদের লেগে যায় ১৫ ওভার।