• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

নক আউটে নেদারল্যান্ডস, জাপান, হার যুক্তরাষ্ট্রের, শেষ ৩২-এর রাউন্ডে তা হলে কারা?

ইতিহাস গড়েছে আইভরি কোস্টও। কুরাসাওকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে তারা

গ্রুপ এফ-এর শীর্ষে থেকে বিশ্বকাপের শেষ ৩২-এর রাউন্ডে মরক্কোর মুখোমুখি হওয়ার টিকিট পেয়ে গেল নেদারল্যান্ডস। কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়াকে হারানোর পর আগামী ২৯ জুন মন্টেরেতে মরক্কোর বিপক্ষে খেলবে রোনাল্ড কোমানের দল।
ম্যাচের মাত্র তিন মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে বলটি ব্রায়ান ব্রবির কাছে পৌঁছানো আটকাতে গিয়ে তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি ভুলবশত নিজের জালেই বল জড়িয়ে দেন। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। একটি ফ্রি-কিক থেকে ভির্জিল ফন ডাইক হেডে বলটি আবার গোলমুখে ফিরিয়ে দেন। সেখান থেকে খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করেন ব্রায়ান ব্রবি।

‘কার্থেজ ঈগলস’ বলা হয় যাদের, সেই তিউনিসিয়া তাদের কঠিন বিশ্বকাপ অভিযানে সুইডেন ও জাপানের কাছেও বড় ব্যবধানে হেরেছিল। এ দিন তারা ম্যাচে ফিরে আসার চেষ্টা করে হাজেম মাস্তুরির হেডের গোলে। কিন্তু তিউনিসিয়ার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডাচরা দ্রুতই জবাব দেয়। টাইয়ানি রেইন্ডার্সের নিখুঁত ক্রস থেকে ইয়ান পল ফন হেকে হালকা হেডে বলের গতিপথ বদলে জালে পাঠিয়ে নেদারল্যান্ডসের তৃতীয় গোলটি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় মানুষের নাকি বিশ্বকাপ নিয়ে তেমন আগ্রহ নেই। অথচ বৃহস্পতিবার বিশ্বকাপে এদিন দর্শকদের উপস্থিতির এক নতুন নজির গড়ে উঠল। নিউইয়র্ক–নিউ জার্সিতে দিনের প্রথম ম্যাচ চলাকালীন মোট দর্শকসংখ্যা ছিল ৩৬,০৫,৩৫৭-এ। বিশ্বকাপের কোনো এক আসরে সর্বোচ্চ মোট দর্শক উপস্থিতির এটি নতুন রেকর্ড। ১৯৯৪ সালের এই যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপের আসরে ৩৫,৮৭,৫৩৮ দর্শকের রেকর্ড ছিল। সেই রেকর্ড এদিন ভেঙে যায়।

এদিন ইতিহাস গড়েছে আইভরি কোস্টও। কুরাসাওকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে তারা। একইসঙ্গে, দুই অর্ধে করা দুটি গোলে জার্মানিকে চমকে দিয়ে পরের পর্বে উঠেছে ইকুয়েডরও। অন্যদিকে, সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব উতরে গেল এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। সুইডেনও সেরা তৃতীয়-স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার টিকিট নিশ্চিত করেছে। দিনের শেষ দুটি ম্যাচেও ছিল নাটকীয়তায় ভরপুর। আয়োজক যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তের গোলে তুরস্কের কাছে হেরে যায় ২-৩-এ। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপ ডি-এর রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া।

শেষ ৩২-এ এখন পর্যন্ত কয়েকটি ম্যাচের প্রতিদ্বন্দ্বী স্থির হয়ে যায় এ দিনই। যেমন ভারতীয় সময়ে ২৯ জুন রাত ১২.৩০-এ দক্ষিণ আফ্রিকা ও কানাডা মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলিসে। ওই দিনই রাত ১০.৩০-এ ব্রাজিলের সঙ্গে দ্বৈরথে নামবে জাপান। ৩০ জুন ভোর ৬.৩০-এ মেক্সিকোর মন্তেরে স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কো। ওই দিনই জার্মানি ও আইভরি কোস্ট মাঠে নামলেও তাদের প্রতিপক্ষ কারা হবে, তা এখনও নির্ধারিত হয়নি। অনেকেরই আশা বা আশঙ্কা ছিল ৩২-এর রাউন্ডে দেখা হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের। তবে তা হচ্ছে না। ২ জুলাই ভোর সাড়ে পাঁচটায় মার্কিনদের মুখোমুখি হবে বনসিয়া-হারজাগোভিনা। জার্মানি, আইভরি কোস্ট যেমন এখনও তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম জানতে পারেনি, তেমনই অবস্থা মেক্সিকো, সুইৎজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনারও। গ্রুপ ‘জি’ থেকে ‘এল’-এর খেলা শেষ হবে আগামী কয়েকদিনে। এই পর্বের খেলা শেষ হবে ২৮ জুন। তার পরের দিন থেকেই শুরু হয়ে যাবে নক আউট পর্ব। তাই এখনও অনেক নাটক বাকি। বরং বলা যায় বিশ্বকাপের রোমাঞ্চ সবে শুরু হতে চলেছে। এখনও বাকি বহু ঘটনার-ঘনঘটা।