• facebook
  • twitter
  • youtube
Monday, 23 November, 2026

পাঁচে পাঁচ! আইএসএলে শীর্ষে মোহনবাগান, চার্চিলকে হারানোর পর ডার্বির ভাবনা ঢুকে পড়ল সবুজ-মেরুন শিবিরে

রবিবার প্রথম একাদশে ফিরেই বুঝিয়ে দেন, কেন তাঁকে এতটা গুরুত্ব দেয় মোহনবাগান। নিজে গোল না পেলেও দলের দু'টি গোলের নেপথ্যে ছিলেন এই অস্ট্রেলীয় স্ট্রাইকার

পাঁচে পাঁচ! আইএসএলে শীর্ষে মোহনবাগান, চার্চিলকে হারানোর পর ডার্বির ভাবনা ঢুকে পড়ল সবুজ-মেরুন শিবিরে

Image: X

গোয়ার মাটিতে কঠিন লড়াই করে শেষ পর্যন্ত জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা দেখা গিয়েছিল প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্সের খেলায়। শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মোহনবাগান সুপার জায়ান্ট।

রবিবার রাতে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে সবুজ-মেরুন বাহিনী। এই জয়ের ফলে টানা পাঁচটি ম্যাচ জিতল তারা। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে মোহনবাগান। আগামী ২৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বির আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সবুজ-মেরুন শিবিরকে।

চোটের কারণে মরসুমের শুরু থেকে খেলতে পারেননি জেমি ম্যাকলারেন। রবিবার প্রথম একাদশে ফিরেই বুঝিয়ে দেন, কেন তাঁকে এতটা গুরুত্ব দেয় মোহনবাগান। নিজে গোল না পেলেও দলের দু’টি গোলের নেপথ্যে ছিলেন এই অস্ট্রেলীয় স্ট্রাইকার।

দুই গোলেরই নেপথ্যে ম্যাকলারেন

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণে ওঠার চেষ্টা করেছিল চার্চিলও। তাদের হয়ে ড্রামানে সালুর শট সামলাতে হয় মোহনবাগান গোলরক্ষক বিশাল কয়েথকে। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সবুজ-মেরুন শিবির। একাধিক সুযোগ তৈরি করেও প্রথম দিকে গোলের মুখ খুলতে পারছিল না তারা।

আরও পড়ুন: পাকিস্তানি ব্যাটারদের তিন হাফ সেঞ্চুরির দাপটে ভারতের সামনে ৩১৪ রানের লক্ষ্য, শুরুতেই আউট বৈভব

অবশেষে ২৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। দেজান দ্রাজিচের বাড়ানো বল পান ম্যাকলারেন। নিজে শট না নিয়ে ফাঁকায় থাকা লালিয়ানজুয়ালা ছাংতেকে বল বাড়িয়ে দেন তিনি। সেই বল থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন ছাংতে।

গোল খেয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চার্চিল। কোচ দিমিত্রিস দিমিত্রিউ ৩৬ মিনিটেই জোড়া পরিবর্তন করেন। মাঠে নামেন স্টেন্ডলি ফের্নান্দেস ও সেবাস্তিয়ান গুতিয়েরেস। দুই পরিবর্তন আসতেই আক্রমণের ঝাঁজ বাড়ে চার্চিলের। একাধিকবার মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলে তারা। তবে বিশাল কয়েথের দক্ষতায় প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি গোয়ার দল।

থাপার গোলে স্বস্তি, শেষ দিকে পেনাল্টিতে উদ্বেগ

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ চালিয়ে যায় চার্চিল। তাদের কয়েকটি প্রচেষ্টা আটকে দেন বিশাল। পরিস্থিতি বুঝে ৫৩ মিনিটে মনবীর সিংহ ও অনিরুদ্ধ থাপাকে মাঠে নামান মোহনবাগান কোচ প্যানায়োতিস দিমপেরিস এবং সেই পরিবর্তনেই আসে সাফল্য।

ম্যাচের ৬২ মিনিটের মাথায় মনবীরের পাস থেকে বল পান ম্যাকলারেন। তাঁর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান বাড়ান থাপা। ২-০-য় এগিয়ে যায় মোহনবাগান।

কিন্তু ম্যাচ তখনও শেষ হয়নি। ৮৫ মিনিটে বক্সের মধ্যে ভিন্সি ব্যারেটোকে ফাউল করেন মনবীর। পেনাল্টি পায় চার্চিল। স্পটকিক থেকে গোল করেন গুতিয়েরেস। ব্যবধান কমে দাঁড়ায় ১-২। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে চার্চিল।

স্টেন্ডলি ফের্নান্দেসের বিপজ্জনক শট আটকে দেন বিশাল। গুতিয়েরেসের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। সংযুক্ত সময়েও রাহুল ভেকের তৎপরতায় বেঁচে যায় মোহনবাগান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

মোহনবাগানের পারফরম্যান্সের মূল্যায়নে সৎ কোচ পানাজিয়োটিস দিমপেরিস। রবিবার আইএসএলে চার্চিল ব্রাদার্সকে ২-১ গোলে হারানোর পর দলের খেলার খামতি নিয়ে রাখঢাক করেননি গ্রিক কোচ।

লালিয়ানজুয়ালা ছাংতে এবং অনিরুদ্ধ থাপার গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু শেষ দিকে পেনাল্টি থেকে সেবাস্তিয়ান গুতিয়েরেসের গোল চার্চিলকে ম্যাচে ফিরিয়ে আনে। তার পর একের পর এক আক্রমণে সবুজ-মেরুন রক্ষণকে চাপে ফেলে আয়োজক দল। তবে শেষ পর্যন্ত সেই চাপ সামলে তিন পয়েন্ট তুলে নেয় মোহনবাগান।

আরও পড়ুন: বাংলার জয়ের দৌড়ে হোঁচট, ঈশ্বরণের লড়াই ব্যর্থ! বরোদার কাছে ৪ উইকেটে হার বাংলার

‘এখনও অনেক উন্নতি করতে হবে’

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে দিমপেরিস বলেন, ‘আমরাই ম্যাচটাকে কঠিন করে তুলেছিলাম। ৩৫ মিনিট পর্যন্ত আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম, সুযোগও তৈরি করছিলাম। কিন্তু আচমকাই মনঃসংযোগ হারিয়ে ফেলি। কয়েকটি ব্যক্তিগত ভুলও হয়েছে। কখনও কখনও ফুটবলাররা এমন কিছু করে বসে, যা তাদের কাছ থেকে অপ্রত্যাশিত’।

মোহনবাগানের মতো ক্লাবের হয়ে খেলার চাপের প্রসঙ্গ তোলা হলে গ্রিক কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে চাওয়াটা সহজ নয়। আমরা মোহনবাগানের কথা বলছি। এই ফুটবলারদের ওপর প্রচুর চাপ রয়েছে। কখনও কখনও ওদের মনে হয়, ম্যাচটা বুঝি হেরে যাবে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফুটবলারদের আত্মবিশ্বাস রাখতে হবে। পাশাপাশি এই ধরনের ছেলেমানুষের মতো ব্যক্তিগত ভুলও এড়িয়ে চলতে হবে’।

তবে তিন পয়েন্ট পাওয়ায় খুশি কোচ। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, দলের উন্নতির আরও জায়গা রয়েছে। সামনে কলকাতা ডার্বি। সেই ম্যাচকেই এ বার পাখির চোখ করছেন তিনি। বলেন, ‘দিনের শেষে তিন পয়েন্ট পেয়েছি, লিগ টেবলের শীর্ষে উঠেছি। তাতে আমি খুশি। কিন্তু আমাদের এখনও অনেক উন্নতি করতে হবে। সামনে ডার্বি আসছে। সেই ম্যাচ আমাদের জিততেই হবে’।

পাঁচ ম্যাচে টানা জয়। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট। আইএসএলের শীর্ষস্থান এখন মোহনবাগানের দখলে। সামনে কলকাতা ডার্বি। তার আগে জয়ের ছন্দ ধরে রাখাই এখন দিমপেরিসের দলের প্রধান লক্ষ্য।

দেখুন: