কলকাতা ফুটবল লিগে মহামেডান স্পোর্টিং বুধবার মুখোমুখি হয়েছিল পুলিশ এসি-র বিরুদ্ধে। ম্যাচটি এদিন ১-১ গোলে শেষ হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৫ আগস্ট এই খেলাটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল খারাপ আবহাওয়ার কারণে। সেই খেলাটি ১-১ গোলে দাঁড়িয়েছিল। ওই খেলাটি আবার নতুনভাবে ক্রীড়াসূচিতে নিয়ে আসে আইএফএ। এদিনের খেলাতে সেইভাবে লড়াই দেখতে পাওয়া গেল না। দুই দলেরই ফুটবলাররা হালকা চালে খেলেছেন। তবে সাদা-কালো শিবিরের ফুটবলাররা মাঝেমধ্যে আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও সেইভাবে সফল হয়নি। খেলার ১৬ মিনিটের মাথায় ফৈজাল আলি গোল করে পুলিশ দলকে এগিয়ে দেন। পিছিয়ে থাকা মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা গোল পরিশেধ করার চেষ্টায় প্রথম পর্বে সফল হয়নি। তবে দ্বিতীয় পর্বে কোচ মেহেরাজউদ্দিন ওয়াড়ু আক্রমণে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ৫২ মিনিটের মাথায় লালরেমসাঙ্গা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই খেলাটি শেষ হয়।
এদিন বারাসত স্টেডিয়ামে ভবানীপুর আবার জয়ে ফিরল। ভবানীপুর ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে। কোচ রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণে ভবানীপুর এবার নজর কেড়ে নিয়েছে। খেলার প্রথমার্ধে ভবানীপুর ২-০ গোলে এগিয়ে যায়। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। সাহিল হরিজন পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। দ্বিতীয় গোলটি করেছেন ৩৮ মিনিটের মাথায় ইত্লাং আর তৃতীয় গোলটি আসে ৮৭ মিনিটে রবি হাঁসদার পা থেকে। এই মুহূর্তে গ্রুপের লিগ টেবলে শীর্ষে রয়েছে ভবানীপুর। আইএফএ সচিব অনির্বান দত্তের জর্জ টেলিগ্রাফ হেরে গেল সভাপতি অজিত ব্যানার্জির মিলন সংঘের কাছে। কালীঘাট মিলন সংঘ ৪-২ গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়েছে।




