• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

বেঞ্চ থেকে নেমেই বিশ্বরেকর্ড, মেসির ছোঁয়ায় নকআউটে আর্জেন্টিনা

জর্ডনকে ৩-১ গোলে হারালো আর্জেন্টিনা। তবে, বিশ্বমঞ্চে আর্জেন্টিনার টানা তৃতীয় জয়ের দিনে অবশ্যই শিরোনামে সেই লিওনেল মেসি।

বেঞ্চ থেকে নেমেই বিশ্বরেকর্ড, মেসির ছোঁয়ায় নকআউটে আর্জেন্টিনা

তিনি এলেন, দেখলেন এবং গোল করলেন। বলা ভালো, বিশ্বরেকর্ড গড়লেন। তিনি আর কেউ নন। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। পরপর দু’ম্যাচ জিতে আগেই নকআউটের ছাড়পত্র আদায় করে নিয়েছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে, জর্ডনের বিরুদ্ধে শেষ ম্যাচটা ছিল কার্যত নিয়মরক্ষার। নিয়মরক্ষার এই ম্যাচের প্রথম একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু, তাতে কি। মেসি যে ফুটবলের রাজপুত্র। রেকর্ড গড়তে শেষ ৩০ মিনিটই তাঁর জন্য যথেষ্ট।

রবিবার ভোরে গ্রুপের শেষ ম্যাচে জর্ডনকে ৩-১ গোলে হারালো আর্জেন্টিনা। তবে, বিশ্বমঞ্চে আর্জেন্টিনার টানা তৃতীয় জয়ের দিনে অবশ্যই শিরোনামে সেই লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে গেলেন তিনি। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টিনা। ১৯ মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। ৩১ মিনিটে পেনাল্টি থেকে নীল-সাদা ব্রিগেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। এরপরেও বেশকিছু গোলের সুযোগ পেয়েছিল তারা। তা থেকে ব্যবধান বাড়েনি। ফলে, ২-০ অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা হলেও আত্মতুষ্টিতে ভুগতে থাকে আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে ওঠে জর্ডনও। খেলার এই অর্ধে, ৫৫ মিনিটে ইহসান হাদ্দাদের ক্রস থেকে গোল করে জর্ডনের হয়ে ব্যবধান কমান মুসা আল-তামারি। এর মিনিট পাঁচেকের মধ্যেই মেসিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি। এরপরেই আবারও ধীরে ধীরে খেলায় ফেরে নীল-সাদা ব্রিগেড। খেলার ৮০ মিনিট নাগাদ ফ্রিকিক থেকে দলের হয়ে তৃতীয় গোল করে যান আর্জেন্টিনা অধিনায়ক।এই গোলের ফলেই বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়লেন মেসি, যা বিশ্ব ফুটবলে প্রথম।

এই গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়াল ১৯। চলতি বিশ্বকাপে এটি তাঁর ষষ্ঠ গোল।বিশ্বকাপে ফ্রিকিক থেকে সবচেয়ে বেশি গোল করার বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন মেসি। চতুর্থ ফুটবলার হিসাবে বিশ্বকাপে ফ্রিকিক থেকে সরাসরি দু’টি গোল করলেন। ছুঁয়ে ফেললেন ব্রাজিলের রিভেলিনো, ফ্রান্সের বার্নার্ড চেঙ্গিনি এবং ইংল্যান্ডের ডেভিড বেকহ্যামেকে।

তবে জয়ের দিনেও স্কালোনির চিন্তা বাড়াবে দলের রক্ষণ। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে যেভাবে আর্জেন্টিনা রক্ষণে চাপ তৈরী করেছিল জর্ডন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু এটাই বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই, নকআউটের কঠিন লড়াইয়ের আগে রক্ষণের এই দুর্বলতা কাটানোর দিকে যে বিশেষ নজর দিতে হবে স্কালোনিকে তা বলাই বাহুল্য।