ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনাল ম্যাচের বিরতিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীত অনুষ্ঠান। আর সেই মঞ্চেই একসঙ্গে পারফর্ম করতে চলেছেন বিশ্বসংগীতের তিন জনপ্রিয় নাম— ম্যাডোনা, বিটিএস এবং শাকিরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে।
জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচের বিরতিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই আন্তর্জাতিক তারকারা। সংগীতপ্রেমী এবং ফুটবল অনুরাগীদের কাছে এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
Advertisement
ফিফার প্রকাশ করা ঝলকে এই ঘোষণা করেন জনপ্রিয় সংগীতশিল্পী ক্রিস মার্টিন এবং শিশুদের অত্যন্ত পরিচিত চরিত্র এলমো। তাঁদের সঙ্গে দেখা যায় মাপেট দলের আরও কয়েকটি জনপ্রিয় চরিত্রকেও। সেখানেই ম্যাডোনা, বিটিএস এবং শাকিরার নাম ঘোষণা করা হয়।
Advertisement
ফিফা জানিয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে, তা ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের জন্য উন্নত শিক্ষা এবং ফুটবলের সুযোগ আরও বাড়ানো। এই প্রকল্পের জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, ফিফা এর আগেও ক্লাব বিশ্বকাপে বিরতির বিশেষ অনুষ্ঠান নিয়ে পরীক্ষা চালিয়েছিল। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ডোজা ক্যাট, টেমস এবং জে বালভিনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান হয়েছিল। সেই আয়োজনও করেছিলেন ক্রিস মার্টিন।
এবারের বিশ্বকাপ ঘিরে আমেরিকায় বিশেষ প্রস্তুতি চলছে। ১৯৯৪ সালের পরে ফের যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে শুরু হবে এবারের বিশ্বকাপের উৎসব।
অন্যদিকে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে ভারতীয় ছোঁয়া। বলিউড অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে উদ্বোধনী অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করতে দেখা যাবে। ১২ জুন কানাডার টরন্টোয় বিএমও মাঠে হবে সেই অনুষ্ঠান।
নোরা ফাতেহির পাশাপাশি মঞ্চে থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, সঞ্জয়, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো আন্তর্জাতিক শিল্পীরাও।
ফিফার দাবি, উদ্বোধনী অনুষ্ঠান কানাডার সংস্কৃতি, বৈচিত্র্য এবং মানুষের আবেগকে বিশ্বের সামনে তুলে ধরবে। সেই সঙ্গে বিশ্বকাপকে ঘিরে বিশ্ববাসীকে একসঙ্গে উদযাপনের আহ্বান জানানো হবে।
Advertisement



