• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

গিগ ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বড় পদক্ষেপ, তিন বছরের জন্য জাতীয় বোর্ড গঠন কেন্দ্রের

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার।

গিগ ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বড় পদক্ষেপ, তিন বছরের জন্য জাতীয় বোর্ড গঠন কেন্দ্রের

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাশাপাশি গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। তিন বছরের মেয়াদে গঠন করা হল ‘জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড’। কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রকের প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এই বোর্ড গঠনের কথা জানানো হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কল্যাণমূলক প্রকল্প তৈরি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা বিধির বাস্তবায়ন— একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবে এই বোর্ড।

‘সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০’-এর ৬ নম্বর ধারার উপধারা (১) অনুযায়ী বোর্ডটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ অক্টোবর ২০২৬ থেকে আগামী তিন বছর এই বোর্ড কার্যকর থাকবে।

কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, বোর্ডে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, শ্রমিক সংগঠন, নিয়োগকারী সংস্থা, শিল্প সংস্থা, সুশীল সমাজ এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের প্রতিনিধিরা থাকবেন। উবার, ওলা, সুইগি, জোম্যাটোর মতো সংস্থার প্রতিনিধিত্বও থাকবে এই কাঠামোয়।

কারা থাকছেন জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ডে?

বোর্ডের সভাপতি হবেন কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী। সহ-সভাপতির দায়িত্ব সামলাবেন ওই মন্ত্রকের সচিব। সদস্য-সচিব হিসেবে থাকবেন শ্রম ও রোজগার মন্ত্রকের ডিরেক্টর জেনারেল (লেবার ওয়েলফেয়ার)।

বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদেরও বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘের জি শ্রীনিবাস, অঞ্জলি প্যাটেল ও জি শঙ্কর, ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের ডাঃ দীপক জয়সওয়াল, ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন সেন্টারের রবিন্দর সিং, হিন্দ মজদুর সভার মুকেশ গালব এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টারের সূর্যকর জিতেন্দ্র সদস্য হয়েছেন।

নিয়োগকারী ও শিল্প সংস্থার প্রতিনিধি হিসেবে রয়েছেন ময়ঙ্ক এফ ডায়াস, ডাঃ অনাদি এন সিনহা, রাজীব রঞ্জন, রমাকান্ত ভরদ্বাজ, যোগেশ গৌতম, হর্ষ এবং সঞ্জয় দত্ত। এ ছাড়া দেবশ্রী কলাই, অনিল ধুমনে, শ্রীনিবাস জলিগাম ও হরবংশ চৌধুরীকে মনোনীত সদস্য করা হয়েছে।

লোকসভার দুই সদস্য ডাঃ হেমাঙ্গ জোশী ও শঙ্কর লালওয়ানিও বোর্ডে থাকছেন। রাজ্যসভার প্রতিনিধি মনোনয়নের বিষয়টি এখনও বাকি।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লির শ্রম দফতরের প্রধান সচিবরাও বোর্ডের সদস্য হয়েছেন।

গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য পৃথক কাঠামো

গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণের বিষয়টি দেখার জন্যও এই বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। ‘সোশ্যাল সিকিউরিটি কোড, ২০২০’-এর ১১৪ নম্বর ধারার উপধারা (৬) অনুযায়ী, জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ডই এই কর্মীদের কল্যাণ বোর্ড হিসেবে কাজ করবে। তবে এই ক্ষেত্রে সদস্যদের তালিকায় পরিবর্তন থাকবে। সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন শ্রম ও রোজগার মন্ত্রকের যুগ্ম সচিব।

এই বোর্ডে বিভিন্ন অ্যাপভিত্তিক সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে। ইটারনাল গ্রুপের পাবলিক পলিসি প্রধান ডাঃ জসকিরণ বেদী, সুইগির কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান নেহা সিংভি, জেপ্টোর পাণ্ডুরঙ্গ আচার্য, আরবান কোম্পানির ঋচা মোহান্তি এবং র‍্যাপিডোর মনস্বী মান সদস্য হয়েছেন।

শ্রমিক সংগঠনের তরফে রয়েছেন ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় ও কিষাণভাই গোবিন্দভাই প্যাটানি, ভারতীয় মজদুর সংঘের অশোক কুমার শুক্লা, ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের ডাঃ বিরাট জয়সওয়াল এবং ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন সেন্টারের কে গণেশ রাও।

এ ছাড়া শ্রমক্ষেত্রের বিশেষজ্ঞ ডাঃ রুমা ঘোষ এবং রাজেন্দ্র পাধিকেও সদস্য করা হয়েছে। সরকারি প্রতিনিধিদের মধ্যে থাকবেন ইএসআইসি-র ডিরেক্টর জেনারেল, ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার এবং উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাত ও পশ্চিমবঙ্গের শ্রম দফতরের আধিকারিকেরা।

কী কাজ করবে এই বোর্ড?

প্রচলিত নিয়োগকর্তা ও কর্মচারীর সম্পর্কের বাইরে থেকে যাঁরা কাজ করেন, সেই গিগ কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি দেখবে বোর্ড। অন্যদিকে, খাবার পৌঁছে দেওয়া, যাত্রী পরিবহণ এবং পণ্য সরবরাহের মতো অ্যাপভিত্তিক পরিষেবার সঙ্গে যুক্ত প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণেও নীতি নির্ধারণ করবে তারা।

বোর্ডের প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে—

1. অসংগঠিত, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের বিভিন্ন শ্রেণির জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্পের সুপারিশ করা।

2. সামাজিক সুরক্ষা বিধি কার্যকর করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া।

3. কেন্দ্রীয় সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা।

4. রাজ্য স্তরে শ্রমিকদের নথিপত্র সংরক্ষণের কাজ খতিয়ে দেখা এবং সংশ্লিষ্ট তহবিলের অর্থ খরচের হিসাব পরীক্ষা করা।

ডিজিটাল অর্থনীতির প্রসারের সঙ্গে সঙ্গে দেশে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীর সংখ্যা বাড়ছে। তাঁদের সামাজিক সুরক্ষা, আর্থিক সহায়তা এবং কল্যাণমূলক প্রকল্পের আওতায় আনার ক্ষেত্রে নতুন এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।