• facebook
  • twitter
  • youtube
Saturday, 21 November, 2026

মন্ত্রীর নাম ভাঁড়িয়ে নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম ভাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যানকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।

মন্ত্রীর নাম ভাঁড়িয়ে নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত

সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম ভাঁড়িয়ে এসএসসি চেয়ারম্যানকে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। ধৃতের নাম জুলফিকর আলি। তাঁর বাড়ি দেগঙ্গায়। শনিবার তাঁকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর নাম করে এসএসসি চেয়ারম্যানের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছিলেন এক ব্যক্তি। ওই মেসেজে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন এসএসসি চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে শনিবার তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় বিধাননগর পূর্ব থানা। এরপর পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় জুলফিকর আলিকে। মন্ত্রীর নাম ভাঁড়িয়ে হোয়াটসঅ্যাপে ভুয়ো নির্দেশ পাঠিয়ে নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় আর কারা জড়িত, তা জানারও চেষ্টা চলছে।

সিআইডির ডিজি নটরাজন রমেশ বাবু জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সরকারের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। ঘটনার তদন্ত চলছে।