চলতি আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। মাঠে নামলেই একের পর এক দুরন্ত নজির গড়ে চলেছেন তিনি। মঙ্গলবারও তার অন্যথা হলো না। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচেও ব্যাট হাতে দুরন্ত নজির গড়লেন বৈভব। টপকে গেলেন ঈশান কিশান, ঋষভ পন্থদের। এই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে পাঁচটি ছক্কা মেরেছেন তিনি। এর মধ্যে বুমরার একটি ওভারে দুটি ছক্কা হাঁকিয়েছেন বিহারের এই ব্যাটসম্যান।
এদিনের ম্যাচে অর্ধশতরান করতে না পারলেও ব্যাট হাতে দুরন্ত একটি রেকর্ড গড়েছেন তিনি। আইপিএলে এখনও পর্যন্ত ৩৫ ছক্কা মেরেছেন বৈভব। এর ফলে, আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সী সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। এতদিন পন্থ ও ঈশানের দখলে ছিল এই রেকর্ড। ২০ বছরের কম বয়সে এই দুই ব্যাটসম্যান ৩০ করে ছক্কা মেরেছিলেন। তবে, মুম্বাই ম্যাচে সেই রেকর্ডকে ছাপিয়ে গেলেন বৈভব।
Advertisement
এদিকে, বৈভবের নজিরের দিনে ফের একবার তাঁকে জাতীয় দলে নেওয়ার দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। বিষয়টি তিনি বলেন, বর্তমানে সাদা বলের ক্রিকেটে যেভাবে খেলছে বৈভব, সেটা তিনি আগে কোনও ক্রিকেটারের মধ্যে দেখেননি। এরপরেই, সূর্যবংশীকে ‘নিয়তির সন্তান’ বলে উল্লেখ করেছেন তিনি।
Advertisement
একইসঙ্গে, সিনিয়র জাতীয় দলের জন্য তাঁকে বেশিদিন অপেক্ষা না করানোরও আর্জি জানিয়েছেন ইরফান। তিনি বলেন, বৈভব কমপক্ষে কুড়ি বছর পেশাদার ক্রিকেট খেলতে পারবে।
অন্যদিকে, মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বৈভব জানান, বুমরার বিরুদ্ধে খেলার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। তরুণ এই ক্রিকেটারের আগ্রাসী মনোভাবেরও বিশেষ প্রশংসা শোনা গেছে ইরফানের মুখে। তিনি বলেন, বৈভবের এই ভয়ড়রহীন মনোভাব অত্যন্ত প্রশংসনীয়। একইসঙ্গে ইরফান দাবি করেছেন, ১৫ বছরের তরুণ বুমরার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। মূলত, বৈভবের জন্যই ভারতীয় এই তারকা পেসারকে নতুন করে পরিকল্পনা সাজাতে হয়েছিল বলে মনে করছেন তিনি।
Advertisement



