• facebook
  • twitter
Friday, 27 March, 2026

বাতিল করা হল আইপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান

আগামী শনিবার, ২৮ মার্চ আইপিএল শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রতীকী চিত্র

শেষ পর্যন্ত এবারের আইপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরে সবাই উৎসবে শামিল হয়েছিলেন। সেই আনন্দ উৎসবের দিনে ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা যান। সেই কারণেই নিহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখা হল বলে জানিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

তবে, বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ঠিক করেছে, ফাইনালের দিন, অর্থাৎ ৩১ মে সমাপ্তি দিনে চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এমনকি নাচ-গান, লেজার শোয়ের মধ্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা হবে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এই খবর জানিয়েছেন। শইকীয়া আরও বলেন, গত ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না।

Advertisement

তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর বিসিসিআই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। সে বার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

Advertisement

আগামী শনিবার, ২৮ মার্চ আইপিএল শুরু হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Advertisement