• facebook
  • twitter
Saturday, 2 May, 2026

পরিকাঠামো বড় কথা নয়, ইচ্ছা থাকলেই বড় খেলোয়াড় হওয়া যায়: সৌরভ গাঙ্গুলি

পড়াশুনোর সঙ্গে খেলাটাকেও ভালোবেসে ফেলেছিলাম। সেই ভালোবাসা থেকেই আজ হয়তো ক্রিকেট খেলে সবার কাছে পরিচিতি পেয়েছি।

একজন খেলোয়াড় যদি বড় হওয়ার স্বপ্ন দেখে, তাহলে পরিকাঠামোটাই তার কাছে বড় হাতিয়ার হয় না। মানসিক দিক দিয়ে নিজেকে তৈরি করতে হয় কীভাবে নিজেকে একটা লক্ষ্যে সার্থক রূপ দিতে হবে। এই কথাগুলি সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার প্রেস ক্লাবে উত্তর ২৪ জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ‘গতি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন। সৌরভ বলেন, এটা মনে রাখতেই হবে, জেলার মাঠে যত খেলোয়াড় তৈরি হয়, শহরে তা কখনওই হয় না। বর্তমানে খেলার মাঠে অনেক আধুনিক সরঞ্জাম এবং পরিকাঠামো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেইভাবে ঘরের ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা আগামী দিনে তারকা হবে। সৌরভ নিজেও স্বীকার করেন, আমি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি। আমাদের পরিবারটাও ক্রিকেটের।

পড়াশুনোর সঙ্গে খেলাটাকেও ভালোবেসে ফেলেছিলাম। সেই ভালোবাসা থেকেই আজ হয়তো ক্রিকেট খেলে সবার কাছে পরিচিতি পেয়েছি। তখনও কিন্তু সেই পরিকাঠামো আমাদের সামনে ছিল না। নিজেকে প্রকাশ করতে গেলে ইচ্ছাটাই বড় কথা। আমার বাবা (চণ্ডী গাঙ্গুলি) ক্রিকেট খেলেছেন দক্ষতার সঙ্গে। দাদাও খেলেছেন। কিন্তু আমার মা আমাকে বলতেন, খেলো, কিন্তু পড়াশুনোটাও করতে হবে। খেলা এবং পড়াশুনো দুটোই একসঙ্গে করা সম্ভব। সেই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সৌরভ একটা উদাহরণ দিয়ে বলেন, ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব কোন পরিকাঠামো নিয়ে এতবড় তারকা ক্রিকেটার হয়েছেন?

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্যের উদ্দেশ্যে সৌরভ বলেন, ইনি ফুটবলের মানুষ। কিন্তু জেলাস্তরে খেলাধুলোকে কীভাবে উন্নতি করা যায়, তার একটা রূপরেখা তৈরি করে যেভাবে এগিয়ে চলেছেন, তার জন্য অবশ্যই কুর্নিশ তোলা থাকবে। তিনি শুধু ফুটবলের কথা ভাবেন না, অ্যাথলেটিকস, ভলিবল, সাঁতার ও কবাডির কথা ভাবেন, তেমনই ঘরের ছেলেদের কীভাবে ক্রিকেটের প্রতি আগ্রহ প্রকাশ করানো যায়, তার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। অবশ্যই এটি উদাহরণ হয়ে থাকবে। ‘গতি’ প্রকল্পে শুধু পেসারদের নিয়ে কথা ভাবলে চলবে না। আমি চাইব স্পিনারদের নিয়েও কিছু কাজ করতে হবে। তাহলে কমবয়সী ছেলেদের খুঁজে পাওয়া যাবে এই প্রকল্পে জায়গা করে নেওয়ার জন্য। প্রয়োজনে আমি পাশে দাঁড়াব।

Advertisement

সৌরভ আরও বলেন, একজন ক্রিকেটার হতে গেলে একটা ব্যাট, একটা বল আর নেট থাকলেই হবে, ঠিক তেমনই একটা মাঠ আর একটা বল নিয়ে ফুটবলার হওয়া যায়। এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সাগর সেন শর্মা, জয়ন্ত ঘোষ দস্তিদার, সনৎ ভট্টাচার্য, একলার আহমেদ, বীরেন্দ্রপ্রতাপ সিং প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এই প্রকল্পের মেন্টর শিবনাথ সামন্ত। সচিব নবাব ভট্টাচার্য বলেন, দশ বছর বয়সী বেবি ক্রিকেট লিগ শুরু করা হচ্ছে এই প্রকল্পের সূচনায়।

Advertisement