• facebook
  • twitter
  • youtube
Monday, 28 September, 2026

এশিয়ান গেমসে ৪০ পেরোল ভারতের পদক, শুটিং, অ্যাথলেটিক্স থেকে সাত, বক্সিংয়েও পদক নিশ্চিত

বক্সিং রিং থেকেও এল স্বস্তির খবর। লভলিনা বরগোহাঁই, প্রিয়া এবং কপিল পোখারিয়া অন্তত আরও তিনটি পদক নিশ্চিত করেছেন। তাঁদের লড়াই এখনও শেষ হয়নি, তবে পদক নিশ্চিত করে ফেলেছেন সেমিফাইনালে উঠে।

এশিয়ান গেমসে ৪০ পেরোল ভারতের পদক, শুটিং, অ্যাথলেটিক্স থেকে সাত, বক্সিংয়েও পদক নিশ্চিত

Photo: X

এশিয়ান গেমসে ভারতের পদক-সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার নবম দিনে অ্যাথলেটিক্স এবং শুটিংয়ের হাত ধরে ভারতের মোট পদকসংখ্যা পেরিয়ে গেল ৪০-এর গণ্ডি। তবে সোনার সংখ্যা কম। এখন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ৪টি সোনা, ২০টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ—মোট ৪৫টি পদক।

দিনের শুরুটা অবশ্য ভারতের জন্য খুব একটা ভাল ছিল না শুটিংয়ে। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত বিভাগে যোগ্যতা অর্জন করতে পারেননি মনু ভাকের। দলগত ইভেন্টেও পদকের কাছাকাছি গিয়ে থামতে হয় ভারতকে। রাহি সারনোবতের শট ফ্রেমে লাগায় বড় ধাক্কা খায় ভারতীয় দল।

তবে শুটিংয়ের সেই হতাশা কিছুটা মুছে দেন এশা সিং। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে দুরন্ত পারফরম্যান্স করে রুপো জেতেন তিনি। তাঁর হাত ধরে শুটিংয়ে এল ভারতের আরও একটি পদক।

মূল পর্বে ৩৮টি হিট নিয়ে টাই করার পর, একটি নাটকীয় শুট-অফে অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও রুপো নিশ্চিত করেন তিনি।

এর পরেই অ্যাথলেটিক্সে শুরু হয় ভারতের পদক-বৃষ্টি। নবম দিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারত মোট ছ’টি পদক জেতে—তিনটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। ফলে দিনের শেষে পদক তালিকায় ভারতের অবস্থান আরও মজবুত হয়।

নীরজ চোপড়া নেই। কিন্তু জ্যাভলিনে ভারতের দাপট কমেনি। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন যশবীর সিং আর ব্রোঞ্জ এল রোহিত যাদবের হাত ধরে। সোনা উঠল শ্রীলঙ্কার বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ার রুমেশ থারঙ্গা পাথিরাগের গলায়।

নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে সোমবারের ফাইনালে ৮৮.৩৩ মিটার ছুড়ে ভারতীয়দের পিছনে ফেলে দেন রুমেশ। তাঁর সেরা থ্রো ৮৮.৫৫ মিটার। সেই থ্রো-ই তাঁকে সোনা এনে দেয়।

ভারতের হয়ে যশবীর শেষ থ্রোয়ে সবটা উজাড় করে দেন। ৮৫.৭২ মিটার—নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। সেই থ্রোতেই নিশ্চিত হয়ে যায় রুপো। রোহিতের সেরা থ্রো আসে তৃতীয় প্রয়াসে—৮৪.৩৫ মিটার। শেষ পর্যন্ত ওই দূরত্বই তাঁকে এনে দেয় ব্রোঞ্জ।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এদিন আরও পদক আসে। ৩:৩৬.৭২ মিনিটের ব্যক্তিগত সেরা সময় নিয়ে পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন গুলবীর সিং। লং জাম্পের ফাইনালে নিজের ধারাবাহিকতা বজায় রেখে পোডিয়ামে দ্বিতীয় স্থান অর্জন করেন মুরলী শ্রীশঙ্কর।

মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জেতার পাশাপাশি একটি ৪২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ভিথ্য রামরাজ। মহিলাদের ৫০০০ মিটার ইভেন্টে ১৫:১৪.৬১ মিনিটে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক জিতলেন পারুল।

শুধু অ্যাথলেটিক্স বা শুটিং নয়, অন্যান্য খেলাতেও ভারতের সাফল্যের ধারা বজায় ছিল। কুরাশের মহিলাদের ৭৮ কেজি বিভাগে পিঙ্কি বালহারা ব্রোঞ্জ জিতে দেশের পদকসংখ্যায় আরও একটি যোগ করেন।

বক্সিং রিং থেকেও এল স্বস্তির খবর। লভলিনা বরগোহাঁই, প্রিয়া এবং কপিল পোখারিয়া অন্তত আরও তিনটি পদক নিশ্চিত করেছেন। তাঁদের লড়াই এখনও শেষ হয়নি, তবে পদক নিশ্চিত করে ফেলেছেন সেমিফাইনালে উঠে।

দিনের আর একটি বড় খবর এল ক্রিকেট থেকে। বৃষ্টির কারণে ভারত ও আফগানিস্তানের পুরুষদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হয়। কিন্তু প্রতিযোগিতার নিয়মে আইসিসির ক্রমতালিকায় এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় ভারতীয় দল।

এছাড়াও আজ পুরুষদের হকিতে বাংলাদেশ দলকে ১০-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

অর্থাৎ, নবম দিনে সব মিলিয়ে মিশ্র অভিজ্ঞতা ভারতের। শুটিংয়ে কিছুটা হতাশা, কিন্তু এশিয়ান গেমসের অন্য মঞ্চে একের পর এক পদক—অ্যাথলেটিক্সে ছয়, কুরাশে ব্রোঞ্জ, বক্সিংয়ে তিন পদক নিশ্চিত এবং ক্রিকেট, হকিতে সেমিফাইনালের টিকিট। ফলে প্রতিযোগিতা যত শেষের দিকে এগোচ্ছে, ভারতের পদক-প্রত্যাশাও ততই বাড়ছে।