অপেক্ষার অবসান। ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে (AFC U20 Asian Cup) জায়গা করে নিল ভারত। রবিবার তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে চিন ২০২৭-এর মূল পর্বের টিকিট নিশ্চিত করে ফেলল ভারতের অনূর্ধ্ব-২০ দল (AFC U20 Asian Cup) ।
ভারতের হয়ে গোল করেন ড্যানি মেইতেই লাইশরাম, বিশাল যাদব এবং পরিবর্ত হিসাবে নামা মহম্মদ আরবাশ। ২৫ মিনিটে ড্যানির গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে বিশালের দুরন্ত অ্যাক্রোবেটিক ফিনিশে ব্যবধান বাড়ে। ৭৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আরবাশ।
তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে শেষ করেছে ভারত। গ্রুপের শীর্ষে উজবেকিস্তান, তাদের সংগ্রহ ন’পয়েন্ট। সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সাতটি সেরা রানার্স-আপের অন্যতম হিসাবে এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে ভারত। বাংলাদেশ তিন ম্যাচেই হেরে নেমে গিয়েছে ডেভলপমেন্ট পর্বে।
আরও পড়ুন: চিনের মাটিতে চিনা জুটিকে হারিয়ে ইতিহাস, চায়না মাস্টার্স সাত্ত্বিক-চিরাগের
শুরুতে অবশ্য ম্যাচ ছিল বেশ সমানে-সমানে। কোনও দলই প্রথম দিকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। কিন্তু ২৫ মিনিটে ভারতের সম্মিলিত আগ্রাসন থেকেই আসে প্রথম গোল। ড্যানির চাপে বাংলাদেশের আবদুল রিয়াদ ফাহিম বল হারান। হেতেম আলি সেই বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সে থাকা ড্যানির দিকে বল বাড়ান। ঠান্ডা মাথায় ফিনিশ করেন ভারতীয় ফরোয়ার্ড।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। বল দখলে রেখে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে থাকে তারা। ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে ড্যানির শট অল্পের জন্য ব্যবধান বাড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবার আক্রমণের ঝড় তোলে ভারত। ৬০ মিনিটে লম্বা থ্রো থেকে ঋষিকান্ত বল বাড়িয়ে দেন বিশালের দিকে। অসাধারণ অ্যাক্রোবেটিক ফিনিশে বাংলাদেশ গোলরক্ষক রাজ চৌধুরীকে পরাস্ত করে ২-০ করেন বিশাল।
দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আক্রমণের ঝাঁঝ বাড়ালেও ভারতীয় রক্ষণে ফাটল ধরাতে পারেনি। বরং ৭২ মিনিটে ড্যানি ও বিশালকে তুলে আরবাশ এবং প্রশান জাজোকে নামান কোচ মহেশ গাওলি। সেই বদলই ম্যাচের ভাগ্য পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেয়। সাত মিনিট পরেই ৩-০।
ইয়াইফারেম্বা চিংগাকহামের তৈরি করা আক্রমণ থেকে একাধিক পাসে বাংলাদেশের রক্ষণ ভেঙে যায়। শেষ পর্যন্ত বাঁ পায়ের প্রবল শটে বল জালে জড়িয়ে দেন আরবাশ।
আরও পড়ুন: বারাসতে ডার্বি, নিরাপত্তায় ১১০০ পুলিশ, দর্শকদের জন্য ত্রিস্তরীয় তল্লাশি
এশিয়ান কাপের (AFC U20 Asian Cup) মূল পর্বে ভারতের জায়গা নিশ্চিত হওয়ায় এখন সামনে আরও বড় লক্ষ্য। চিনে ২০২৭-এ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ (AFC U20 Asian Cup) হবে ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল। প্রতিযোগিতার সেরা চার দল সরাসরি ২০২৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে (AFC U20 Asian Cup) খেলার যোগ্যতা অর্জন করবে।
অর্থাৎ, ২০ বছর পর এশিয়ার সেরা মঞ্চে ওঠাই শেষ কথা নয়—ভারতের সামনে এখন বিশ্বকাপের দরজাও খুলে যেতে পারে।ভারতীয় ফুটবলের জুনিয়র পর্যায়ে তাই এই জয় নিঃসন্দেহে বড় বার্তা। ২০ বছরের অপেক্ষা (AFC U20 Asian Cup) শেষ করে ভারতের যুবরা এখন তাকিয়ে বিশ্বমঞ্চের দিকে।
দেখুন:




