• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

গলে রবীন্দ্র জাডেজার বিরল মাইলফলক ছোঁয়ার দিনে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু ভারতের

কপিল, বোথাম ও ভেট্টোরির মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়ে জাডেজা বুঝিয়ে দিলেন, শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, টেস্টের

গলে রবীন্দ্র জাডেজার বিরল মাইলফলক ছোঁয়ার দিনে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু ভারতের

Ravindra Jadeja Photo-SNS

ব্যাট হাতে চার হাজারের বেশি রান আগেই ছিল। এ বার বল হাতে পৌঁছে গেলেন সাড়ে তিনশোর মাইলফলকে। আর তাতেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল কৃতিত্বের মালিক হলেন রবীন্দ্র জাডেজা। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৫০তম উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ৪০০০ রান ও ৩৫০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন ভারতের তারকা অলরাউন্ডার। এই নজির টেস্টের ইতিহাসে এর আগে রয়েছে মাত্র তিন জনের— কপিল দেব, ইয়ান বোথাম এবং ড্যানিয়েল ভেট্টোরির।

জাডেজার এই অসাধারণ কৃতিত্বের দিনে চনমনে গোটা ভারতীয় শিবিরই। তৃতীয় দিনে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে তারা। ৪৬২ রানে ভারত প্রথম ইনিংস শেষ করার পর শ্রীলঙ্কা ব্যাট করতে নামলে তাদের ২৮৪ রানে অল আউট করে দেন জাডেজারা। জাডেজা তিন উইকেট নেন এবং তরুণ স্পিনার মানব সুথারের শিকার চার। বাকি তিন উইকেট ভাগাভাগি করে নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কার স্পিনারদের কী ভাবে মোকাবিলা করবে ভারত, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, শুভমান গিলদের স্পিনের বিরুদ্ধে খেলা নিয়ে অনেক সন্দেহ পোষণও করা হয়েছিল। টেস্ট শুরু হতেই দেবদত্ত পাডিক্কাল, কে এল রাহুল, ধ্রুব জুরেল-সহ ভারতীয় ব্যাটাররা বুঝিয়ে দিলেন, তারা স্পিনের বিরুদ্ধে যথেষ্ট সাবলীল। বরং শ্রীলঙ্কার ব্যাটারদেরই এ বার ভাবা উচিত, তাঁরা কী করে ভারতীয় স্পিনারদের সামলাবেন।

ম্যাচের আগে ৮৯টি টেস্টে জাডেজার সংগ্রহ ছিল ৪০৯৫ রান এবং ৩৪৮ উইকেট। অর্থাৎ ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার জন্য প্রয়োজন ছিল মাত্র দু’টি উইকেট। তৃতীয় দিনের খেলায় সেই লক্ষ্য পূরণ করেন তিনি।

জাডেজার ৩৫০তম শিকার হন কেশারা নুওয়ান্থা। জাডেজার বাইরে বেরিয়ে যাওয়া বল আক্রমণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ব্যাটে লেগে বল শূন্যে উঠে যায়। শুভমন গিল এগিয়ে গিয়ে ক্যাচ ধরতেই ইতিহাসের পাতায় জায়গা করে নেন ভারতের বাঁহাতি অলরাউন্ডার।

এই কৃতিত্বের পরে জাডেজার নাম ঢুকে গেল ক্রিকেটের অন্যতম অভিজাত অলরাউন্ডারদের তালিকায়। চার হাজারের বেশি রান এবং অন্তত ৩৫০ উইকেট রয়েছে কপিল দেবেরও। ভারতের প্রাক্তন অধিনায়ক টেস্টে করেছেন ৫২৪৮ রান এবং নিয়েছেন ৪৩৪ উইকেট। ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের সংগ্রহ ৫২০০ রান ও ৩৮৩ উইকেট। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির রয়েছে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট। জাডেজার নতুন পরিসংখ্যান ৪১০৮ রান ও ৩৫০ উইকেট।

আরও একটি ক্ষেত্রে বোথামের পরেই জায়গা করে নিয়েছেন জাডেজা। এই বিরল ‘ডাবল’ পূর্ণ করতে তাঁর লেগেছে ৯০টি টেস্ট। বোথাম ৮৩টি টেস্টে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন। কপিল দেবের লেগেছিল ১০০টি টেস্ট, আর ভেট্টোরির ১০৬টি। অর্থাৎ টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪০০০ রান এবং ৩৫০ উইকেটের যুগল মাইলফলক ছুঁলেন জাডেজা।

৩৫০ উইকেটের ক্লাবে অবশ্য জাডেজা ভারতের পঞ্চম বোলার। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন অনিল কুম্বলে (৬১৯), রবিচন্দ্রন অশ্বিন (৫৩৭), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিংহ (৪১৭)। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সর্বাধিক উইকেটের তালিকায় এখন জাডেজা তৃতীয়। তাঁর উপরে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৪৩৩) এবং ভেট্টোরি (৩৬২)।

এ দিন শ্রীলঙ্কার ৫৯ রানের মধ্যে চার উইকেট ফেলে দিয়ে তাদের চাপে ফেলে দেয় ভারত। ১০০-র স্কোর পেরনোর আগেই পাঁচ নম্বর উইকেটও হারায় তারা। এক সময় মনে হচ্ছিল তারা হয়তো দুশোর গণ্ডীও পেরোতে পারবে না। তবে সোনাল দিনুশা ও নিরোশন ডিকওয়েলার ১৪৬ রানের পার্টনারশিপই শ্রীলঙ্কাকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। দিনুশা ১০০ ও ডিকওয়েলা ৮০ রান করেন। তবে এই দুজন ছাড়া শ্রীলঙ্কার আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি। মাত্র দু’জন ২০-র ঘরে রান পান। তিনজন দশ বা তার ওপর রান করেন। দুজন শূন্য ও দুজন এক সংখ্যার রান করে ফিরে যান।

 

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে মূলত ধস নামান জাডেজা ও সুথারই। ইনিংসের দ্বিতীয় বলেই সিরাজ ওপেনার নিশান ফার্নান্ডোকে ফেরানোর পর এই দুই স্পিনার প্রতিপক্ষকে চাপে ফেলা শুরু করেন। তাঁদের সঙ্গ দেন প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদবও। শেষ পর্যন্ত দিনুশা ও ডিকওয়েলা ঠাণ্ডা মাথায় ধৈর্য্য রেখে দলের রান ২৩৬-এ পৌঁছন। কিন্তু তাঁদের জুটি ভাঙার পর আর ৪৮ রানের বেশি যোগ করতে পারেননি টেল এন্ডাররা।

দীর্ঘ দিন ধরেই ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করে আসছেন জাডেজা। কখনও ব্যাট হাতে বিপর্যয় সামলেছেন, কখনও বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়েছেন। গলের মাটিতে তাঁর সেই বহুমুখী দক্ষতাই ফের স্বীকৃতি পেল আরও এক বিধ্বংসী পারফরম্যান্সে।

কপিল, বোথাম ও ভেট্টোরির মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়ে জাডেজা বুঝিয়ে দিলেন, শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, টেস্টের সর্বকালের সেরা অলরাউন্ডারদের আলোচনাতেও তাঁর নাম এখন আরও জোরালো ভাবেই উচ্চারিত হবে।

অন্যদিকে, ভারতও দীর্ঘদিন পর টেস্ট জয়ের লক্ষ্যে এগোতে শুরু করেছে। এতদিন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের যন্ত্রণা বহন করে আসতে হয়েছে শুভমানদের। আগের দিন ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়ে বিশ্ব ক্রমতালিকায় ভারতকে পিছনে ফেলে দিয়েছে বাংলাদেশও। এই সিরিজ জিততে পারলে হয়তো ফের বাংলাদেশকে টপকে যাবে ভারত, পরপর সিরিজ হারের সেই যন্ত্রণা কিছুটা হলেও কমবে শুভমানের দলের।