• facebook
  • twitter
Monday, 23 February, 2026

ভারতের হয়ে বিশ্বকাপে খেলতে চাই: সুইটি দেবী

বর্তমানে এশিয়ান কাপের মূলপর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া রয়েছে ভারতীয় দল। দীর্ঘ ২৩ বছর পর ফের একবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ঐতিহাসিক সেই মুহূর্তে যার নেতৃত্ব ভারতীয় রক্ষণকে ভরসা জুগিয়েছে তিনি সুইটি দেবী। এশিয়ান কাপের মূলপর্বের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় এই ডিফেন্ডারের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অলিভিয়া সরকার।

প্রশ্ন: দীর্ঘ ২৩ বছর পর আপনার অধিনায়কত্বে ভারত ফের একবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অনুভূতি কেমন?
সুইটি: এটা সত্যিই একটা অসাধারণ অনুভূতি, যা ভাষায় বর্ণনা করা খুব কঠিন। তবে, আমরা নিজেদের নিয়ে গর্বিত। দীর্ঘ ২৩ বছর ধরে আমরা এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম।ফলে, শেষ ম্যাচে যখন থাইল্যান্ডকে হারিয়ে ফের একবার এশিয়া যোগ্যতা অর্জন করলাম, তখন প্রচন্ড খুশি হয়েছিলাম।

প্রশ্ন: এশিয়া কাপ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। এই টুর্নামেন্টে ভালো ফলাফল করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। দলের প্রস্তুতি কেমন চলছে?
সুইটি: বিশ্বের অন্যতম সেরা কোচ বর্তমানে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে তারাও কঠোর পরিশ্রম করছে আমাদের উন্নতির জন্য।পাশাপাশি, একজন খেলোয়াড় হিসেবে আমরা জানি যে এটাই আমাদের কাছে নতুন ইতিহাস তৈরি করার সুযোগ। বিশ্বকাপ খেলা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে। একজন ভারতীয় ফুটবলার হিসেবে আমরা সত্যিই দেশের জার্সিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে চাই। তাই এশিয়ান কাপের প্রথম ম্যাচ থেকেই আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

Advertisement

প্রশ্ন: জাতীয় শিবিরে যোগ দেওয়ার আগে আইডব্লিউএলের শেষ ম্যাচে আপনার একটা চোট লাগে। সেটা এখন কেমন আছে?
সুইটি: সৌভাগ্যবশত ওটা খুব বড় ছিল না। ফলে, আমার জাতীয় শিবিরে যোগ দিতে কোনও অসুবিধা হয়নি।বর্তমানে আমি এখন পুরোপুরি সুস্থ। তবে, এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে খেলতে নামার আগে আমি প্রতিদিন নিজের ফিটনেস আরও বাড়ানোর জন্য চেষ্টা করছি।

Advertisement

প্রশ্ন : এশিয়া কাপের বাছাই পর্বে ভারতের পারফরম্যান্স সমর্থকদের প্রত্যাশা আরও বাড়িয়েছে। বিষয়টা কীভাবে সামলাচ্ছেন?
সুইটি: হ্যাঁ, এটা সত্যি। যোগ্যতা অর্জনপর্বে দলের পারফরম্যান্সের পর সমর্থকদের আমাদের নিয়ে অনেক প্রত্যাশা তৈরী হয়েছে। ফলে, একটা চাপ অবশ্যই আছে। কিন্তু আমরা বর্তমানে নিজেদের প্রস্তুতির উপর বিশেষ নজর দিচ্ছি, যাতে আমরা তাদেরকে আগেরবারের চেয়েও বেশি গর্বিত করতে পারি।

প্রশ্ন : নতুন কোচ অ্যামেলিয়া ভালভার্দের অধীনে দলের বর্তমান পরিবেশ কেমন?
সুইটি: এমন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে অ্যামেলিয়া ভালভার্দের মতো মহিলা বিশ্বকাপে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ থাকাটা দলের জন্য নিঃসন্দেহে একটা সুবিধা। তিনি প্রথমদিন থেকেই আমাদের তাঁর উদ্দেশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মূলত, দলকে আরও শক্তিশালী করে তোলাই তাঁর প্রধান উদ্দেশ্য। আমরা খেলোয়াড়রাও নতুন কোচের অধীনে ভালোভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দলের মধ্যে ইতিবাচক পরিবেশ রয়েছে। পাশাপাশি, আসন্ন চ্যালেঞ্জের জন্য আমরা খুবই উত্তেজিত।

প্রশ্ন : একজন অধিনায়ক এবং সর্বোপরি একজন ডিফেন্ডার হিসেবে, জাপান এবং ভিয়েতনামের মতো শীর্ষ এশিয়ান দলগুলির বিরুদ্ধে খেলতে নামার আগে কোনও নির্দিষ্ট পরিকল্পনা?
সুইটি: আমার একার নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। আমরা একটা দল হিসেবে খেলি। খেলোয়াড়রা একে অপরকে খুব বিশ্বাস করি। তাই এইটুকু বলতে পারি, যে কোনও পরিস্থিতিতে আমরা একসঙ্গে লড়াই করব। আমরা জানি, একটি দল হিসেবে আমাদের কঠিন প্রতিপক্ষের কী করতে হবে। আমি মনে করি কঠিন ম্যাচে এটাই আমাদের সাহায্য করবে।

প্রশ্ন: ইতিমধ্যেই তুরস্কে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। মূল পর্বের প্রস্তুতিতে এই ম্যাচগুলো কীভাবে সাহায্য করছে?
সুইটি: এশিয়া কাপে আমাদের অনেক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। তাই শারীরিক সক্ষমতা বাড়াতে এবং আরও গতিশীল ফুটবল খেলতে আমাদের দলের জন্য এই ধরনের ম্যাচ খেলা ভীষণ দরকার ছিল।

প্রশ্ন: বর্তমানে খেলাধুলায় মহিলাদের সাফল্য বেশ ঈর্ষনীয়। বিশ্বকাপ ক্রিকেট হোক বা হকি এমনকি আপনার ক্লাব ইস্টবেঙ্গল এফসিও সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছে। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নামার আগে মহিলাদের এই সাফল্য আপনার দলকে কীভাবে অনুপ্রাণিত করবে ?
সুইটি: সাম্প্রতিকালে বিভিন্ন খেলায় মহিলাদের সাফল্য সত্যিই ভীষণ অনুপ্রাণিত করে। একজন মহিলা ক্রীড়াবিদ হিসেবে বিষয়টা নিঃসন্দেহে খুবই আনন্দের। তাই এইটুকু বলতে পারি, আমরা যতটা সুযোগ পাবো, চেষ্টা করবো ভবিষ্যতের মহিলা খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ তৈরী করার। যাতে ভবিষ্যত প্রজন্ম অনুপ্রাণিত হয়, এবং আরও বেশি করে মেয়েরা খেলাধুলার মাধ্যমে নিজেদের কেরিয়ার গড়তে পারে।

প্রশ্ন: শেষ প্রশ্ন এই টুর্নামেন্টে আপনার কোনও ব্যক্তিগত লক্ষ্য?
সুইটি: আমার বর্তমানে একটাই লক্ষ্য। ভারতকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই।

Advertisement