• facebook
  • twitter
Monday, 2 March, 2026

জীবনে কোনওদিন দেশের জার্সিতে খেলবো ভাবিনি : সুস্মিতা লেপচা

প্রথম জীবনে সেবায়নী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি ক্লাবের হয়ে কলকাতা মহিলা ফুটবল লিগে খেলা শুরু করেন সুস্মিতা।

আগামী ৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা দল। দীর্ঘ ২৩ বছর পর এশিয়ান কাপের মূলপর্বের ছাড়পত্র পেয়েছে তারা। আর বিশেষ এই মুহূর্তেই ভারতীয় দলে প্রথমবারের জন্য খেলার সুযোগ পেয়েছেন বাঙালি ডিফেন্ডার সুস্মিতা লেপচা। সম্প্রতি ইস্টবেঙ্গল মহিলা দলের হয়ে বেশ নজর কেড়েছেন ২৯ বছর বয়সী কালিম্পংয়ের এই ফুটবলার। তারই পুরস্কারস্বরূপ এশিয়ান কাপের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন সুস্মিতা। বিষয়টি নিয়ে এখনও কিছুটা স্বপ্নের মধ্যেই রয়েছেন তিনি। জানালেন, প্রথম বিষয়টা তাঁর একেবারেই বিশ্বাস হয়নি। পরে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের কথায় তাঁর ঘোর কাটে। সুস্মিতা বলেন, দেশের জার্সিতে খেলতে পারবেন সেটা জীবনে কোনওদিনও ভাবেননি। তাই প্রথম ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

প্রথম জীবনে সেবায়নী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি ক্লাবের হয়ে কলকাতা মহিলা ফুটবল লিগে খেলা শুরু করেন সুস্মিতা। পরবর্তীকালে, মুম্বইয়ের পিফা স্পোর্টস এফসি থেকে কিকস্টার্ট এফসিতে যান তিনি। তবে, ভারতীয় এই ডিফেন্ডারের কথায় ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার পরেই তাঁর ফুটবল কেরিয়ারে প্রধান পরিবর্তন ঘটে। সুস্মিতার কথায় তিনি কোনওদিন ভাবেননি আশালতা দেবী, সুইটি দেবী, অঞ্জু তামাংদের মতো জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, ইস্টবেঙ্গলে এসেই তিনি প্রথম পেশাদারিত্ব কি সেটা অনুভব করেন। পরবর্তীকালে, লাল-হলুদের হয়ে আইডাব্লুএল, কন্যাশ্রী কাপ এবং সাফ ক্লাব কাপ জেতাটা তাঁকে অনেক অভিজ্ঞ করে তুলেছে বলেই মনে করছেন সুস্মিতা।

Advertisement

যদিও, এই ডিফেন্ডারের কথায়, জাতীয় দলের হয়ে খেলাটা তাঁর কোনোদিনই স্বপ্ন ছিল না। মূলত, ফুটবল খেলতে ভালো লাগতো বলেই এই পেশাকে বেছে নিয়েছিলেন তিনি। এমনকি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পরেও শুধুমাত্র দলের হয়ে খেলাটাকে উপভোগ করতে চেয়েছিলেন সুস্মিতা। তাই জাতীয় দলে সুযোগ পাওয়াটাকেই বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি। তবে, দেশের জার্সিতে এশিয়া কাপে খেলতে নামলে যে নিজের সেরা পারফরম্যান্সটাই দেবেন, সে কথা জানাতেও ভুললেন না সুস্মিতা। আর তাই বর্তমানে, এশিয়ান কাপে দেশের জার্সিতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন কালিম্পংয়ের এই ফুটবলার।

Advertisement

Advertisement