আজ সোমবার আইএসএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিপক্ষে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জিতলেও প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই এই ম্যাচে নামার আগে কিছুটা হলেও সতর্ক কোচ লোবেরা। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে লোবেরার স্পষ্ট জবাব, চেন্নাই ভালো দল। ওদের দলে বেশকিছু ভালো খেলোয়াড় রয়েছে। তাই, দক্ষিণী এই দলটির বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন সবুজ-মেরুন কোচ। তবে, দ্বিতীয় ম্যাচেও যে জয় পেতেই মাঠে নামবেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস’রা এদিন তা জানাতেও ভুললেন না তিনি।
পাশাপাশি, নিজের দলের খেলোয়াড়দেরও বিশেষ প্রশংসা শোনা গেল লোবেরার গলায়। জানালেন, তাঁর দলে বেশকিছু ভালো ফুটবলার রয়েছে। তাই, প্রথম একাদশ বাছা তাঁর কাছে অন্যতম চ্যালেঞ্জ বলেই মত লোবেরার।
Advertisement
তবে, এই চ্যালেঞ্জটাকে বেশ উপভোগ করছেন তিনি। এদিন সবুজ-মেরুন কোচ আরও বলেন, নাম নয় দলের হয়ে পারফরম্যান্সটাকেই বিশেষ গুরুত্বপূর্ণ।
Advertisement
একইসঙ্গে লোবেরা বলেন, মোহনবাগানের মতো দলের হয়ে খেলার একটা চাপ অবশ্যই থাকে। তবে, এটাকে কোনও অজুহাত হিসেবে দেখতে চান না তিনি। বাগান কোচ বলেন, ম্যাচ জেতা মানেই ভালো খেলা নয়। অনেকসময় হেরে যাওয়া ম্যাচ থেকেও অনেককিছু শেখা যায়। উদাহরণ হিসেবে কেরালা ম্যাচের কথাও বলতে শোনা যায় তাঁকে বলেন, ম্যাচ জিতলেও দল সেদিন সেরা খেলাটা খেলতে পারেনি। তাই, দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের থেকে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল চাইছেন লোবেরা। মোহনবাগান কোচ বলেন, এবারের আইএসএলের লড়াই অনেক কঠিন।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে একটা ম্যাচে পয়েন্ট হারালেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পিছিয়ে পড়তে হবে। তাই, প্রতিটা ম্যাচের আগেই দলের উন্নতির দিকে বিশেষ নজর দিতে চান তিনি। প্রায় একই কথা শোনা গেল ফুটবলার অময় রানাওয়াডের গলায়। জানালেন, এই ধরণের টুর্নামেন্টে প্রতিটা ম্যাচই বিশেষ গুরুত্বপূর্ণ। যদিও, বেশিসংখ্যক হোম ম্যাচ খেলার সুবিধাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন রানাওয়াডে। আপাতত চেন্নাইয়ান ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানালেন তিনি।
Advertisement



