বিশ্বকাপ জয়ের আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। যে অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রেখেছিল ভারত, কয়েক মাসের মধ্যেই তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়। সেই ধাক্কা সামলানো সহজ ছিল না। মানসিক ভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সূর্যকুমার যাদবকে। তবে ধীরে ধীরে আবার ক্রিকেটের প্রতি পুরনো ভালবাসা ফিরে পেয়েছেন তিনি। আর সেই পরিবর্তনের পিছনে বড় ভূমিকা ছিল স্ত্রী দেবিশা শেট্টির। নিজেই সে কথা জানালেন ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক।
গত ৮ মার্চ নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ফাইনালেই শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন সূর্য। বিশ্বকাপ ফাইনালে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। তার আগে ব্যাট হাতেও ধারাবাহিকতার অভাব ছিল। শেষ পর্যন্ত জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। মঙ্গলবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে সূর্য বলেন, ‘বিশ্বকাপ জয়ের পরের সময়টা কিছুটা কঠিন ছিল। এই সত্যিটা থেকে পালাতে চাই না। নিজের কাছে সৎ না থাকলে জীবনে সুখী হওয়া খুব কঠিন।’
মেয়ের জন্মে বদল জীবনের অঙ্কে
জাতীয় দল থেকে বাদ পড়ার হতাশার মধ্যেই ব্যক্তিগত জীবনে নতুন আনন্দ এসেছিল সূর্যের। মে মাসে কন্যাসন্তানের বাবা হন তিনি। তার পর থেকেই জীবনের অগ্রাধিকার বদলে যায়।
সূর্য বলেন, ‘সত্যি বলতে, ভারতীয় দলের অংশ না থাকতে পারাটা খুব কঠিন ছিল। কিন্তু একই সময়ে আইপিএলের মধ্যে মে মাসে আমার কন্যাসন্তানের জন্ম হয়। আমার সমস্ত মনোযোগ ওর দিকে চলে যায়। ও জন্মানোর পর গত কয়েক মাস খুব সুন্দর কেটেছে।’
তবে প্রথম দু’মাস মানসিক ভাবে খুব কঠিন ছিল বলে স্বীকার করেছেন তিনি। তার পরেই নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু করেন।
স্ত্রী দেবিশার পরামর্শেই পুরনো সূর্যের প্রত্যাবর্তন
ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন সূর্য। দেবিশা তাঁকে মনে করিয়ে দেন, ১৫ বছর বয়সে যে আবেগ নিয়ে ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, সেই ভালবাসাটাই আবার ফিরিয়ে আনতে হবে।
সূর্যর কথায়, ‘স্ত্রীর সঙ্গে বসে এই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম। ও একই কথা বলেছিল। ১৫ বছরের সেই ছেলেটার ক্রিকেটের প্রতি যে ভালবাসা এবং আবেগ ছিল, যে ছেলেটা মুম্বইয়ের অনূর্ধ্ব-১৫ দলে খেলতে চাইত, সেই আবেগটা ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখন ১০-১৫ বছর আগে যেভাবে ক্রিকেট খেলতাম, সেভাবেই চলছি। আবার অনুশীলন করছি। সেই একই আবেগ, একই ভালবাসা নিয়ে খেলছি। সব কিছু এখন আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। আমার লক্ষ্যও আগের মতোই। মুম্বইয়ের হয়ে ম্যাচ জেতা এবং দলকে চ্যাম্পিয়ন করা।’
আইপিএল নয়, ভারতের জার্সিই প্রথম স্বপ্ন
আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্য। সেই প্রতিযোগিতাকে সামনে রেখেই নতুন করে প্রস্তুতি শুরু করেছেন তিনি। পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও পরামর্শ দিয়েছেন, আইপিএলে খেলার স্বপ্ন যেন তাঁদের একমাত্র লক্ষ্য না হয়ে ওঠে।
সূর্যর বক্তব্য, ‘আইপিএলে খেলার কথা কখনও প্রথম বা শেষ লক্ষ্য হওয়া উচিত নয়। প্রত্যেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। মুম্বইয়ের মাঠে যে কোনও ক্রিকেটারকে জিজ্ঞাসা করুন, সে বলবে মুম্বইয়ের বয়সভিত্তিক দলে খেলতে চায়, প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করতে চায়। সেই ক্যাপ পাওয়াটা সত্যিই বিশেষ অনুভূতি।’
তাঁর সংযোজন, ‘ঘরোয়া ক্রিকেটে ভাল খেললে, দুর্দান্ত পারফরম্যান্স করলে স্বীকৃতি পাওয়া যায়। তার পরেই অন্য সুযোগ আসে। প্রথম স্বপ্ন হওয়া উচিত ভারতের হয়ে খেলা। তবে এক ধাপ করে এগোতে হবে।’
রঞ্জি দলে সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ
প্রথম পর্বের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের দলে জায়গা না পাওয়া নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেছেন সূর্য। দলের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। কিন্তু মরসুম শুরুর আগে প্রস্তুতিতে না থাকায় নির্বাচকেরা তাঁকে দলে রাখেননি।
মুম্বইয়ের সাজঘরে প্রথম ঢোকার দিনের স্মৃতিও ভাগ করে নিয়েছেন তিনি। সূর্য বলেন, ‘২০১০-১১ সালে প্রথম যখন সাজঘরে ঢুকেছিলাম, সচিন তেন্ডুলকর, অমল মজুমদার এবং অজিত আগরকরের মতো সিনিয়রেরা ছিলেন। তাঁদের দিকে তাকিয়ে অনেক কিছু শিখেছি। অনুশীলনে যাওয়ার সময় তাঁদের সঙ্গে কথা বলতাম। সচিন স্যর তো মুম্বইয়ের সাজঘরে নিজের বসার জায়গাটাও আমাকে দিয়েছিলেন। জায়গাটির এক কোণে ছোট্ট গণেশের মূর্তি ছিল। মুহূর্তটা আমার কাছে খুব বিশেষ, খুব স্মরণীয়।’
এ বার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের তরুণদের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছেন সূর্য। জাতীয় দলে ফেরার লড়াইয়ের আগে তাঁর লক্ষ্য আপাতত একটাই—আবার ক্রিকেট উপভোগ করা এবং নিজের পুরনো ছন্দ ফিরে পাওয়া।




