• facebook
  • twitter
Saturday, 21 February, 2026

ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য রুখতে নতুন আইনের ভাবনা ফিফার

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। জানিয়েছেন, ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত।

প্রতীকী চিত্র

সম্প্রতি ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের স্বীকার হতে হয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে। মাঠে ফের একবার এই ধরণের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বেশ ক্ষুব্ধ ফিফা। বিষয়টি নিয়ে তারা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সেজন্য, প্রয়োজনে নতুন আইন নিয়ে আসার ভাবনাচিন্তাও শুরু করছে তারা। এই প্রসঙ্গে বলা যায়, চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে জিয়ানলুকা প্রেসতিয়ান্নি রিয়ালের খেলোয়াড় ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন।

এদিকে, এই ঘটনার কথা ইতিমধ্যেই উয়েফাকে জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এজন্য, উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণও জমা দিয়েছে মাদ্রিদের এই দলটি। ঘটনার তীব্র নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জানা গিয়েছে, এজন্য একটি কমিটি গঠন করা হবে। তারাই মূলত আইন তৈরী করতে ফিফাকে সাহায্য করবে।

Advertisement

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। জানিয়েছেন, ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত। এরপরেই তিনি বলেন খেলার মাঠে এবং সমাজের কোথাও বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। একইসঙ্গে, এই ঘটনায় তিনি কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে, ভিনিসিয়াসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করার সময় জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন প্রেসতিয়ান্নি। ফুটবল মাঠে একে অপরের সঙ্গে কথা বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে কথা বলার অভ্যাস খেলোয়াড়দের রয়েছে। আসলে, তাঁরা ঠিক কী বলছেন, সেটা যাতে ক্যামেরায় ধরা না পড়ে সেইজন্যই এই কাজ করে থাকেন ফুটবলার’রা।

Advertisement

তবে তা সত্ত্বেও যাতে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে কোনও ফুটবলারকে যোগ্য শাস্তি দেওয়া যায়, তা নিশ্চিন্ত করতেই নতুন এই আইন নিয়ে আসার ভাবনাচিন্তা করছে ফিফা। এজন্য, তারা ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে। কারণ, ফুটবলে নিয়ম বদলের ক্ষেত্রে বা কোনও নতুন নিয়ম চালু করতে এই কমিটিই ফিফাকে পরামর্শ দিয়ে থাকে। তবে জানা যাচ্ছে, এই কমিটিও নাকি আইন নিয়ে আসার পক্ষেই মত দিতে পারে। ফলে এখন দেখার বিষয় হল এই যে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য রুখতে ফিফার পক্ষ থেকে নতুন কোনও আইন চালু করা হয় কি না ?

Advertisement