হাতে আর মাত্র দু’মাসেরও কম সময় রয়েছে। তারপরেই শুরু হয়ে যাবে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট, বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে প্রথমবারের জন্য অংশগ্রহণ করতে চলেছে ৪৮ দেশ। পাশাপাশি, এবারই একইসঙ্গে তিনটি দেশ মিলে যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। তবে সবকিছুকে ছাপিয়ে এবারের বিশ্বকাপে আচমকাই চর্চায় উঠে এসেছে দর্শকদের বাড়তি খরচ। সাম্প্রতিক সময়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রে পরিবহন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে।
ফলে, নিউ জার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে রাউন্ড ট্রিপে অর্থাৎ যাওয়া এবং আসার জন্য মোট ১৫০ ডলার দিতে হবে। যা আগে ছিল মাত্র ১২.৯০ ডলার। আচমকা এই ভাড়া প্রায় ১২ গুণ বেড়ে যাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শক। আসলে, প্রশাসনের ফিফার সঙ্গে করা চুক্তির কারণে স্টেডিয়ামে পার্কিং সুবিধা বাতিল হয়েছে। যারফলে রেল ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
Advertisement
এদিকে মার্কিন সেনেটর মাইনরিটি লিডার চাক শুমারও মনে করছেন, এক্ষেত্রে ফিফার উচিত পরিবহন খরচ বহন করা। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি মার্কিন সেনেটরের এই দাবিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন। জানিয়েছেন, বড় কোনও ইভেন্টে এর আগে কখনও এমন দাবি করা হয়নি।
Advertisement
এই প্রসঙ্গে বলা যায়, নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৩৬ মাইল। এই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল-সহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে আচমকা এই খরচ বৃদ্ধিতে বিতর্ক ক্রমেই বাড়ছে। ফলে, বিশ্বকাপের উন্মাদনাকে ছাপিয়ে এই খরচ বৃদ্ধি হঠাৎই চর্চায় উঠে এসেছে।
Advertisement



