• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

মিগুয়েলকে নিয়ে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়ছে

অনুশীলনে নেমে পড়েছেন তিনি। কিন্তু, ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগেও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন না ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম স্তম্ভ।

শুক্রবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুরের বিপক্ষে মাঠে নামছে ইস্টবেঙ্গল। পরপর দু’ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান বজায় রাখলেও এই ম্যাচের আগে লাল-হলুদ শিবিরের চিন্তা বাড়াচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। দিল্লি ম্যাচের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে জামশেদপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেছে অস্কার ব্রুজোর দল। প্রথমদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি ব্রাজিলিয়ান এই তারকা। সেইসময় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, পরপর ম্যাচ খেলার ক্লান্তি কাটাতেই মিগুয়েলকে এদিন বিশ্রাম দেওয়া হয়েছে।

বুধবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন তিনি। কিন্তু, ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগেও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন না ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম স্তম্ভ। বুধবার অনুশীলনে এলেও সাইড লাইনেই সময় কাটালেন তিনি। জানা গিয়েছে, ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের একটা নেক স্ট্রেন রয়েছে। তবে, দলের স্বার্থে প্রথম ম্যাচ থেকে সেটা নিয়েই মাঠে নেমেছেন তিনি। যদিও, তাঁর চোট গুরুতর নয়। ফলে, জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে কোনওরকম সমস্যা হওয়ার কথা নয় মিগুয়েলের। তবে, দিল্লির পর জামশেদপুর ম্যাচেও সম্ভবত প্রথম একাদশে থাকছেন না মিডফিল্ডার সাউল ক্রেসপো।

Advertisement

এদিকে, প্রতিদিনই অনুশীলনে বেশ নজর কাড়ছেন নবাগত ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সজবার্গ। তাঁর মধ্যে পুরো মাঠ জুড়ে খেলার একটা প্রবণতা রয়েছে। জামশেদপুরের বিপক্ষে এটাকেই কাজে লাগাতে চাইছেন লাল-হলুদ কোচ অস্কার। আগের ম্যাচে ছাড়পত্র না আসায় মাঠে নামতে পারেননি তিনি।

Advertisement

অন্যদিকে, চোট কাটিয়ে শুত্রুবার মাঠে ফিরতে পারেন নাওরেম মহেশও। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। শেষেরদিকে হয়তো কিছুক্ষণ তাঁকে দেখে নিতে পারেন অস্কার।

Advertisement