আইডাব্লুএলে বিজয়রথ অব্যাহত গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা দলের। বৃহস্পতিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেতু এফসিকে ১-০ গোলে হারিয়ে দিলো অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। তবে, ম্যাচ জিতলেও এদিন সেই চেনা দাপট দেখাতে পারলেন না ফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউলরা। একাধিক গোলের সুযোগ পেলেও তা থেকে প্রথমার্ধে কোনও গোলই পেল না তারা। এক্ষেত্রে অবশ্য প্রশংসা করতে হয় সেতু এফসির গোলরক্ষক আঞ্জিলা সুব্বার। দলের হয়ে বেশ কয়েকবার নিশ্চিন্ত পতন রোধ করেন তিনি। শুধু তাই নয়, একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট করে লাল-হলুদ ফুটবলাররা। একবার সুলঞ্জনার শট পোস্টে লেগে ফিরে আসে।
আক্রমণের চাপ বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই শিল্কি দেবী ও সৌম্যা গুগুলোথকে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ অ্যান্টনি। তার ফলও মেলে। খেলার ৬৪ মিনিট নাগাদ উগান্ডার স্ট্রাইকার ফাজিলা গোলের জন্য দুরন্ত বল সাজিয়ে দেন পরিবর্ত হিসাবে নামা সৌম্যাকে। তা থেকে তেলেঙ্গানার এই ফরোয়ার্ড গোলরক্ষককে কাটিয়ে নিলেও গোল করতে ব্যর্থ হন। এইসময় পিছন থেকে এসে দলের হয়ে জয়সূচক গোলটি করে যান ফাজিলা। এরপরেও বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছে গেছিলেন সৌম্যা, শিল্কিরা। তা থেকে আর ব্যবধান বাড়েনি। শেষপর্যন্ত ওই ১-০ গোলে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল।
Advertisement
ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গল অ্যান্টনি অ্যান্ড্রুজ। এই জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিলেন তিনি। এদিকে, দ্বিতীয় স্থানে থাকা সেতু এফসির সঙ্গে আট পয়েন্টের ব্যবধান তৈরী হলেও এখনই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যেতে রাজি নন তিনি। বরং, একটা করে ম্যাচ ধরে দ্বিতীয়বারের জন্য খেতাব ঘরে তোলাই আপাতত তাঁর প্রধান লক্ষ্য।
Advertisement
Advertisement



