বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে এই খবর। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরো দলের সবার সঙ্গে অনুশীলন না করে আলাদা করে ট্রেনিং করেছেন। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এই দুই তারকা কি তা হলে বিশ্বকাপের ফাইনালের জন্য ফিট নন?
নিউ জার্সিতে স্পেনের অনুশীলনে ইয়ামাল এবং পোরোকে আলাদা করে ফিটনেস সেশন করতে দেখা যায়। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে প্রবল শারীরিক লড়াইয়ের পর ইয়ামালের শরীরে কিছুটা ব্যথা ও চোটের দাগ রয়েছে। অন্যদিকে পোরো হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যায় ভুগছেন।
বাকি সমস্ত ফুটবলাররা অবশ্য স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন। প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্র আবহাওয়ার মধ্যেও দলের পরিবেশ ছিল বেশ ইতিবাচক। ফাইনালের আগে খোলা মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে স্পেনের হাতে এখনও তিন দিন সময় রয়েছে।
দুই তারকা ফুটবলারের চোট নিয়ে জল্পনা হলেও কোনও চোটই গুরুতর নয় বলে জানানো হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের দাবি, এটি শুধুই সতর্কতামূলক ব্যবস্থা। দু’জনকেই রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও উদ্বেগের কোনো কারণ দেখছেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ওরা দু’জনই ঠিক আছে। এটা শুধুই ওদের শারীরিক চাপ নিয়ন্ত্রণ করার পদ্ধতি। আমরা আশা করছি, ফাইনালের জন্য ওরা সম্পূর্ণ প্রস্তুত থাকবে’।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর স্পেনের শিবিরে আত্মবিশ্বাস তুঙ্গে। তবে টানা ম্যাচের ধকলের কথা মাথায় রেখেই কোচিং স্টাফ কোনও ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই ইয়ামাল ও পোরোকে আলাদা করে অনুশীলন করানো হয়েছে বলে স্পেন শিবির থেকে জানানো হয়েছে।
রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। স্পেন শিবিরের আশা, ফাইনালের মঞ্চে ইয়ামাল ও পোরো—দু’জনকেই প্রথম একাদশে দেখা যাবে।




