• facebook
  • twitter
Thursday, 26 February, 2026

চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটিয়ে ইতিহাস গড়ল বোডো গ্লিমট

মাত্র কয়েকমাসই ফুটবল খেলার মতো পরিস্থিতি থাকে সেখানে। তার মধ্যেই ঘরোয়া লিগ শেষ করতে হয় নরওয়েকে। তাই, সেখানে গত নভেম্বরেই লিগ শেষ হয়ে গেছে।

‘নিশীথ সূর্যের দেশ’-এ ফের সূর্যোদয়। চ্যাম্পিয়ন্স লিগে আবারও অঘটনের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। শেষ ষোলো’তে যাওয়ার লড়াইয়ে গতবারের রানার্স আপ ইন্টার মিলানকে হারিয়ে সহজেই প্রি-কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নিলো নরওয়ের তথাকথিত অখ্যাত ক্লাব বোডো গ্লিমট।

যে নামটা হয়তো মাস কয়েক আগে তেমনভাবে জানতও না ফুটবলবিশ্ব, বর্তমানে তাদের নিয়েই চর্চার শেষ নেই। আর হবে নাই বা কেন ? শুধু তো ইন্টার মিলানকে হারানো নয়, গ্রুপ পর্বে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ গোলে সহজেই বশ মানিয়েছিল তারা। এরপরের ম্যাচেই ফের চমক। এবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দেন জেনস পিটার হাউগা, প্যাট্রিক বার্গ’রা। পরপর দুই ম্যাচ জিতে আগেই প্লে অফের ছাড়পত্র পেয়েছিল তারা।

Advertisement

তবে, শেষ ষোলো’তে জায়গা নিশ্চিন্ত করতে ইন্টার মিলানকে হারাতেই হতো। ম্যাচের আগে খাতায়-কলমে অনেকটাই এগিয়েছিল ইন্টার। কিন্তু, প্রথম লেগে ৩-১ গোলে হেরে যাওয়ার পর ঘরের মাঠেও বিশেষ সুবিধা করতে পারলো না ইতালির এই দলটি। বরং, দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই বিদায় নিতে হল গতবারের ফাইনালিস্টদের।

Advertisement

এদিন ম্যাচ জিততে মরিয়া চেষ্টা করেছিল ইন্টার। কিন্তু, বিশেষ লাভ হয়নি। প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিট নাগাদ নরওয়ের দলটিকে এগিয়ে দেন পিটার হগ। এরপর, খেলার ৭২ মিনিট নাগাদ ষাট হাজার দর্শক সমৃদ্ধ সান সিরোকে কার্যত স্তব্ধ করে বোডো গ্লিমটের হয়ে দ্বিতীয় গোলটি করে যান হাকোন ইভজেন। এর মিনিট চারেকের মধ্যেই মিলানের হয়ে আলেসান্দ্রো বাস্তনী একটি গোল পরিশোধ করলেও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত, দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল লাউতারো মার্তিনেজ’দের।

এই প্রসঙ্গে বলা যায়, দীর্ঘ চার মাস ধরে ঘরোয়া লিগ বন্ধ নরওয়েতে। আসলে, নরওয়ের বোডোতে বর্তমান তাপমাত্রা হিমাঙ্কের নিচে। ফলে, মাত্র কয়েকমাসই ফুটবল খেলার মতো পরিস্থিতি থাকে সেখানে। তার মধ্যেই ঘরোয়া লিগ শেষ করতে হয় নরওয়েকে। তাই, সেখানে গত নভেম্বরেই লিগ শেষ হয়ে গেছে।

এদিকে, ঘরোয়া লিগে খেতাব না জেতায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়পত্র পায়নি বোডো গ্লিমট। প্লে অফে খেলে যোগ্যতা অর্জন করেছে তারা। দলের বাজেট মাত্র ৫৭ মিলিয়ন ইউরো। এমনকি, দলে কোনও বিখ্যাত খেলোয়াড়ও নেই। কিন্তু, সব প্রতিকূলতাকে পিছনে ফেলে নতুন ইতিহাস লিখছে আর্লিং হালান্ডের দেশের এই ক্লাবটি।

Advertisement