কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় তুলে নিলো ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ৫-১ গোলে সহজেই ম্যাচ জিতলো তারা। সৌজন্য পি ভি বিষ্ণুর দুরন্ত হ্যাটট্রিক। ম্যাচের ১১ মিনিট নাগাদ জেসিন টি কে’র ব্যাক পাস্ থেকে দলের হয়ে প্রথম গোলটি করে যান কেরালার এই স্ট্রাইকার। তবে, লাল-হলুদ ব্রিগেডের এই লিড বেশিক্ষন স্থায়ী হয়নি। চার মিনিটের মধ্যেই বিধানগরের হয়ে সেই গোলটি শোধ করে দেন অধিনায়ক সুমিত মজুমদার।
যদিও, গোল খেয়ে দমে যায়নি লাল-হলুদ ফুটবলাররা। বরং, আক্রমণের চাপ আরও বাড়ায় কোচ অর্চিষ্মান বিশ্বাসের দল। সেই আক্রমণ সামাল দিতে গিয়ে বক্সের বাইরে ফাউল করে বসে বিধাননগর ফুটবলাররা। যারফলে, ফ্রি-কিক পায় ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে সেই ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে ফের একবার দলকে এগিয়ে দেন বিষ্ণু। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+১) বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বিধাননগর ফুটবলার বিষ্ণু মুর্মু। পরের মিনিটে লাল-হলুদ জার্সি গায়ে চলতি মরসুমের নিজের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেন পি ভি বিষ্ণু।
বিরতির পর অবশ্য বিষ্ণু এবং জেসিন দুজনকেই তুলে নেন লাল-হলুদ কোচ। পরিবর্তে মাঠে নামান নবাগত উত্তম হাঁসদা এবং মহম্মদ বিলালকে। গত ম্যাচে গোল করা মহম্মদ বিলাল অবশ্য এই ম্যাচে নজর টানতে ব্যর্থ। বরং, এই দুই পরিবর্তনের প্রভাব দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের খেলায় বেশ চোখে পড়লো। তা সত্ত্বেও, খেলার ৮১ মিনিট নাগাদ লাল-হলুদের হয়ে পঞ্চম গোলটি করে যান বিজয় মুর্মু। এই গোলের সুবাদে শেষপর্যন্ত, ৫-১ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল।
এদিন ইস্টবেঙ্গল মাঠে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তবে, এত সবকিছুর মধ্যেও মাঠে দর্শকদের উপস্থিতি কিন্তু কলকাতা ফুটবলের জনপ্রিয়তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলো।




