আর্জেন্টিনা সারা বিশ্বকাপে রেফারিদের সাহায্য পেয়ে এসেছে, এই অভিযোগ উঠেছে একাধিকবার। তাই রবিবারের ফাইনালে কোন রেফারি বাঁশি মুখে নিয়ে নামবেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সারা দুনিয়া। এ বার সেই ‘বড় ঘোষণা’-টি করল ফিফা।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়ে দিল, রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে তাঁর নাম ঘোষণার পর থেকেই আর্জেন্টিনার সমর্থকদের একাংশের কপালে চিন্তার ভাঁজ। কারণ, অতীতে ভিনচিচের উপস্থিতিতে খুব একটা সুখস্মৃতি নেই লিওনেল মেসিদের।
৪৬ বছর বয়সী ভিনচিচ ইউরোপের অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত। ২০২৩-২৪ মরসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করার পাশাপাশি ২০২২ উয়েফা ইউরোপা লিগের ফাইনালেও বাঁশি হাতে মাঠে নেমেছিলেন তিনি। ২০১০ থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন এই স্লোভেনিয়ান।
চলতি বিশ্বকাপেও ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। বিশেষ করে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনকাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল।
তবে আর্জেন্টিনার সমর্থকদের দুশ্চিন্তার কারণ অন্য জায়গায়। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই চমকপ্রদ হারের ম্যাচটিও পরিচালনা করেছিলেন ভিনচিচ। সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় বহু সমর্থকদের। তাই বিশ্বকাপ ফাইনালে তাঁর নিয়োগকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যদিও ফিফা রেফারি নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, ধারাবাহিকতা এবং নিরপেক্ষতাকেই সর্বাধিক গুরুত্ব দেয়। সেই কারণেই ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে ভিনচিচকে। তাঁর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্লোভেনিয়ার টোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডনের আধাম মাখাদমেহ।
এবার দেখার, ভিনচিচ যে ফাইনালে বাঁশি নিয়ে নামবেন, মেসির আর্জেন্টিনা কি সেই ফাইনাল জিতে ফের বিশ্বকাপ জিততে পারবে, নাকি লামিন ইয়ামালদের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি। ফাইনালের আগে রেফারি নিয়োগ নিয়েও যে উত্তেজনা তুঙ্গে, তা আর বলার অপেক্ষা রাখে না।




