• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

কেপ ভার্দের বিরুদ্ধে সতর্ক আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে কাগজে-কলমে লিওনেল মেসিরা ফেভারিট হলেও প্রতিপক্ষ কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার কোচ।

কেপ ভার্দের বিরুদ্ধে সতর্ক আর্জেন্টিনা কোচ

Photo Source- X

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে কাগজে-কলমে লিওনেল মেসিরা ফেভারিট হলেও প্রতিপক্ষ কেপ ভার্দেকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার কোচ। ম্যাচের আগে সাংবাদিকদের তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নকআউট পর্বে কোনও ম্যাচই সহজ নয়।

উল্টোদিকে কেপ ভার্দে শিবির থেকেও আর্জেন্টিনা শিবিরের দিকে উড়ে এসেছে সাবধানবানী। তাদের ডিফেন্ডার সিডনি লোয়েস কাবরাল সাফ জানিয়ে দিয়েছেন মেসিকে আটকানো তাদের কাছে বড় পরীক্ষা হলেও এই নিয়ে বাড়তি চাপে ভুগছেন না তাঁরা।

ভারতীয় সময়ে শনিবার রাত সাড়ে বারোটায় দুই দল মুখোমুখি হবে মিয়ামিতে। তার আগে স্কালোনি বলেন, “এটা মোটেও সহজ ম্যাচ নয়। কেপ ভার্দে খুবই ভালো দল। ওরা এই পর্যায়ে এসেছে, কারণ ওদের এটা প্রাপ্য ছিল। তারা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছে এবং ওদের হারাতে আমাদের সেরাটাই দিতে হবে।”

মেসিদের কোচ আরও বলেন, “অনেকে হয়তো ভাবছেন আমরা সহজেই জিতে যাব। কিন্তু ফুটবলে কখনও এ রকম হয় না। প্রতিটি ম্যাচই আলাদা এবং নকআউট পর্বে একটা ছোট ভুলের জন্য বড় মূল্য চোকাতে হতে পারে।”

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনা শেষ বত্রিশে উঠলেও স্কালোনির মতে, কেপ ভার্দেকে কম গুরুত্ব দেওয়ার কোনও সুযোগ নেই। তিনি বলেন, “ওরা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিরুদ্ধে দারুণ খেলেছে। কয়েকটা ম্যাচে তো ওদের জেতাও উচিত ছিল। ওরা রক্ষণে খুবই সংগঠিত এবং পাল্টা আক্রমণে ভীষণ বিপজ্জনক।”

লিওনেল মেসির ওপর আর্জেন্টিনা অতিরিক্ত নির্ভরশীল—এমনটা মনে করেন না তাদের কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, “মেসি আমাদের অধিনায়ক এবং বিশ্বের সেরা ফুটবলারদের একজন। কিন্তু শুধু তার ওপরই আমরা নির্ভর করি না। আমাদের দলে আরও অনেক ফুটবলার রয়েছে, যারা ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখে।”

অন্যদিকে, মেসিকে আটকানো প্রসঙ্গে কাবরাল বলেছেন, “যদি সারাক্ষণই ভাবি, ওহ, ও তো মেসি, তা হলে তো মাথা কাজ করাই বন্ধ করে দেবে। আমরা শুধু আমাদের পরিকল্পনা, কৌশল আর নিজেদের খেলাতেই মন দিচ্ছি। অবশ্যই মেসি বল পেলে এক মুহূর্তের জন্য মনে হবে, আমি সত্যিই মেসির বিরুদ্ধে খেলছি। কিন্তু ম্যাচটা শুধু মেসিকে ঘিরে নয়, আমাদের দলকেও ঘিরে।”

২৩ বছর বয়সী এই কেপ ভার্দের ডিফেন্ডার আরও বলেন,  “ফুটবলে ১১ জন মিলে দল গড়ে ওঠে, কোনও একজনকে কেন্দ্র করে নয়। তাই আমার নিজের দায়িত্ব ও নিজের খেলায় মনোযোগ দিতে হবে। যদি আমি শুধু ভাবতে থাকি যে মেসির বিরুদ্ধে খেলছি, তা হলে সত্যিই চাপে পড়ে যাব। ম্যাচ শেষে অবশ্যই গর্ববোধ করব যে, তার বিরুদ্ধে খেলেছি। আশা করি, ওর সঙ্গে কিছু ভালো ছবিও তুলতে পারব”।

কিন্তু এই ম্যাচে কি মেসিকে শুরু থেকে মাঠে দেখা যাবে?  এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি আর্জেন্টিনার কোচ। তাঁর কথায়, “আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আবহাওয়া, ম্যাচের পরিস্থিতি এবং অতিরিক্ত সময়ের সম্ভাবনাসহ সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

কেপ ভার্দের ঐতিহাসিক উত্থানের প্রশংসাও করেন স্কালোনি। তিনি বলেন, “ওরা এই টুর্নামেন্টের অন্যতম চমক। ওরা কঠোর পরিশ্রম করে এখানে এসেছে এবং ওদের যথেষ্ট সম্মান দিতে হবে।”

কেপ ভার্দের কোচ পেদ্রো ব্রিটো, যাঁকে সবাই বুবিস্তা বলেই চেনেন, তিনি এই ম্যাচে দল নামানোর সুয়োগ পেয়ে বেশ খুশি। বলেন, “আমরা ভীষণ উচ্ছ্বসিত। নকআউট পর্বে উঠতে পারা মানে ফের এক ইতিহাস গড়া। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। অন্য সব প্রতিপক্ষকে যেমন সম্মান দেখিয়েছি, আর্জেন্টিনাকেও ঠিক তেমনই সম্মান দেব। তবে আমরা লড়াই করব। আমরা যেন স্বপ্নের মধ্যেই আছি, কিন্তু মাঠে নামার পর প্রতিপক্ষের মুখ দেখে খেলি না। স্পেনের বিপক্ষে যেমন মানসিকতা নিয়ে নেমেছিলাম, অন্য যেকোনো দলের বিপক্ষেও যেমন খেলেছি, আর্জেন্টিনার বিরুদ্ধেও ঠিক একইভাবে খেলব।”