• facebook
  • twitter
  • youtube
Monday, 17 August, 2026

আনোকিয়ের জোড়া গোলে রাজশাহীকে হারিয়ে এশীয় মঞ্চে দুরন্ত শুরু লাল-হলুদ প্রমিলা বাহিনীর

বক্সের দূরের পোস্টে দ্রুত বলের কাছে পৌঁছে যান সুলঞ্জনা রাউল। তাঁর কাটব্যাক থেকে সুযোগ পেয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করে দেন আনোকিয়ে। বিরতির আগে ইস্টবেঙ্গলের লিড দাঁড়ায় ৩-০।

আনোকিয়ের জোড়া গোলে রাজশাহীকে হারিয়ে এশীয় মঞ্চে দুরন্ত শুরু লাল-হলুদ প্রমিলা বাহিনীর

Photo: X

এশিয়ার মঞ্চে শুরুতেই লাল-হলুদ প্রমিলা বাহিনীর দাপট। কয়েক দিন আগে এসিএল ২ প্রাথমিক পর্বে পুরুষদের দলের অপ্রত্যাশিত সাফল্য দেখে উজ্জীবিত হয়েই বোধহয় ঘরের মাঠে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসিকে ৪-০ গোলে উড়িয়ে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে দুরন্ত সূচনা করল ইস্টবেঙ্গলের মহিলা দল। ঘানার অলিভিয়া আনোকিয়ের জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম তুললেন ভারতের দুই আন্তর্জাতিক ফুটবলার— অস্তম ওরাওঁ এবং সৌম্যা গুগুলোথ।

রবিবার মাত্র নবম মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করেন আনোকিয়ে। রাজশাহীর গোলকিপার রুপনা চাকমা যথাসাধ্য চেষ্টা করলেও ঘানার আক্রমণাত্মক মিডফিল্ডারের শট ঠেকাতে পারেননি। গোল পাওয়ার পরেও আক্রমণের গতি কমায়নি ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান ভারতীয় দলের ডিফেন্ডার অস্তম ওরাওঁ। ফলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় ইন্ডিয়ান উইমেন্স লিগের চ্যাম্পিয়নরা।

৩৮ মিনিটে আবার জ্বলে ওঠেন আনোকিয়ে। রিম্পা হালদারের ভাসানো ক্রস রাজশাহীর গোলকিপারকে টপকে যায়। বক্সের দূরের পোস্টে দ্রুত বলের কাছে পৌঁছে যান সুলঞ্জনা রাউল। তাঁর কাটব্যাক থেকে সুযোগ পেয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করে দেন আনোকিয়ে। বিরতির আগে ইস্টবেঙ্গলের লিড দাঁড়ায় ৩-০।

দ্বিতীয়ার্ধে কিছুটা সংগঠিত হয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশের দলটি। মাঝমাঠে তাদের প্রতিরোধও বাড়ে। তবে গোলের সামনে খুব বেশি বিপদ তৈরি করতে পারেনি রাজশাহী। মনিকা চাকমার দূরপাল্লার একটি শটই ছিল তাদের উল্লেখযোগ্য সুযোগ। সেটিও নিরাপদে সামলান ইস্টবেঙ্গলের গোলকিপার পন্থোই চানু এলাংবাম।

এর পরে প্রতিপক্ষের একটি রক্ষণাত্মক ভুলকে কাজে লাগিয়ে ফের গোল করে ইস্টবেঙ্গল। ৭১ মিনিটে সুলঞ্জনার পাসে গোলকিপারের সামনে চলে যান সৌম্যা গুগুলোথ। ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দিয়ে দলের চার গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে গেল লাল-হলুদ বাহিনী। এ বার ইস্টবেঙ্গলের সামনে আরও দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি। রবিবার আয়োজক সাবাহ এফএ-র বিরুদ্ধে খেলবে কলকাতার দল।

প্রাথমিক পর্ব থেকে শুধুমাত্র গ্রুপের শীর্ষে থাকা দলই মূল প্রতিযোগিতার গ্রুপ পর্বে জায়গা পাবে। তাই প্রথম ম্যাচের এই বড় জয় ইস্টবেঙ্গলের মেয়েদের সামনে এশিয়ার মূল মঞ্চে পৌঁছনোর স্বপ্নকে আরও উজ্জ্বল করে দিল।