• facebook
  • twitter
  • youtube
Saturday, 4 July, 2026

অভিষেকের আগেই বৈভবকে সতর্কবার্তা! ‘ওকে থামানোর পরিকল্পনা তৈরি’, বললেন ইংল্যান্ড তারকা

আয়ারল্যান্ড সফরে অভিষেকের সুযোগ মেলেনি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ভারতের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা প্রবল।

অভিষেকের আগেই বৈভবকে সতর্কবার্তা! ‘ওকে থামানোর পরিকল্পনা তৈরি’, বললেন ইংল্যান্ড তারকা

Image: BCCI X

মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে ডাক। আইপিএল মাতিয়ে এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় বৈভব সূর্যবংশী। তাঁকে ঘিরে উন্মাদনা যত বাড়ছে, ততই বাড়ছে প্রত্যাশার পারদ। তবে সেই আবহেই ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময়বালককে কঠিন বাস্তবের বার্তা শুনিয়ে দিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বৈভবের আন্তর্জাতিক অভিষেক হতে পারে বলেই জোর জল্পনা। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই ইংল্যান্ডের পরিকল্পনার কথা জানিয়ে কারান বলেন, “এটা সত্যিই অবিশ্বাস্য। গত এক মাস আইপিএল দেখেছি। ওকে ব্যাট করতে দেখে মনে হয়েছে, সবকিছু যেন কত সহজ! ওর প্রতিভা সত্যিই অসাধারণ এবং যে স্বীকৃতি ও পাচ্ছে, সেটা ওর প্রাপ্য।”

এরপরই ইংল্যান্ডের পরিকল্পনার কথা স্পষ্ট করে জানান ইংল্যান্ডের অলরাউন্ডার। বলেন, “আশা করি, যদি ওর অভিষেক হয়, তাহলে আমরা ওকে আটকে রাখতে পারব। অবশ্যই আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা কাজ করবে কি না, সেটা বলা কঠিন। কারণ ও এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে।”

তবে শুধু প্রতিপক্ষ হিসেবেই নয়, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবেও বৈভবকে মূল্যবান পরামর্শ দিয়েছেন কারান। তাঁর মতে, এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলে সাফল্যের পাশাপাশি কঠিন সময়ও আসবে।

কারানের কথায়, “ওর জীবনে অনেক উত্থান-পতন আসবে। এখনও ও খুবই তরুণ। তবে আমি নিশ্চিত, ওর চারপাশে এমন মানুষ রয়েছেন, যারা ওকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। আশা করি, ও দীর্ঘ এবং সফল আন্তর্জাতিক কেরিয়ার গড়বে।”

আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে বিস্ফোরক ব্যাটিং করে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছিলেন বৈভব। সেই পারফরম্যান্সের সুবাদেই ইংল্যান্ড সফরের ভারতীয় টি-২০ দলে সুযোগ পান তিনি। যদিও আয়ারল্যান্ড সফরে অভিষেকের সুযোগ মেলেনি। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ভারতের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা প্রবল।

একদিকে ক্রিকেটবিশ্বের বিপুল প্রত্যাশা, অন্যদিকে প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনা—এই দুইয়ের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পা রাখার সুযোগ বৈভব সূর্যবংশীর সামনে। এখন দেখার, অভিষেকের সুযোগ পেলে সেই মঞ্চে নিজের প্রতিভার ঝলক কতটা উজ্জ্বলভাবে ছড়িয়ে দিতে পারেন ভারতের এই কিশোর ব্যাটিং সেনসেশন।