আইপিএলের ইতিহাসে অন্যতম দামি ক্রিকেটার হিসেবে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বিপুল প্রত্যাশা থাকলেও মাঠের ফল সেই আশার ধারেকাছেও পৌঁছতে পারেনি। পরপর দু’বার প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর এ বার টুর্নামেন্ট শেষ করতে হয়েছে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন ঋষভ পন্থ। আইপিএল শেষ হওয়ার আগেই লখনউয়ের নেতৃত্ব ছাড়লেন তিনি।
শুক্রবার এই খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেট ডিরেক্টর টম মুডি। দলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পন্থ নিজেই নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। ফ্র্যাঞ্চাইজি সেই অনুরোধ গ্রহণ করেছে।
Advertisement
টম মুডি বলেন, “ঋষভ আমাদের কাছে একটি অনুরোধ রেখেছিল এবং আমরা সম্মানের সঙ্গে তা মেনে নিয়েছি। এ ধরনের সিদ্ধান্ত কখনওই সহজ নয়। অধিনায়ক হিসেবে সে দলের সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল, তার জন্য আমরা কৃতজ্ঞ।” তিনি আরও জানান, আগামী দিনে দলকে নতুন করে গড়ে তোলা এবং প্রতিযোগিতামূলক জায়গায় ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।
Advertisement
লখনউয়ের হয়ে অধিনায়কত্বের সময় পন্থের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছিল। ব্যাট হাতে ধারাবাহিকতা ছিল না, পাশাপাশি দল নির্বাচন এবং কৌশল নিয়েও সমালোচনা হয়েছে একাধিক বার। তবে ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলের দাবি, দলের ভিতরে ইতিবাচক পরিবেশ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পন্থ।
এখন প্রশ্ন উঠছে, আগামী মরসুমে লখনউয়ের নেতৃত্বে কাকে দেখা যাবে। নতুন অধিনায়ক বেছে নেওয়ার পাশাপাশি দল পুনর্গঠনের কাজও শুরু করতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট মহলের মতে, আগামী নিলামের আগে একাধিক বড় পরিবর্তনের পথে হাঁটতে পারে লখনউ।
অন্য দিকে, পন্থের এই সিদ্ধান্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। নেতৃত্বের অতিরিক্ত চাপ সরিয়ে নিজের ব্যাটিং এবং ফিটনেসে আরও বেশি মনোযোগ দিতে পারবেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার।
Advertisement



