• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

অস্ট্রেলিয়া দলে দিল্লির ছেলে নিখিল চৌধুরি, বাংলাদেশের বিরুদ্ধে অভিষেকের অপেক্ষা

ভারতীয় ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক— নিখিল চৌধুরির ক্রিকেটযাত্রা যেন রূপকথার গল্প।

ভারতীয় ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক— নিখিল চৌধুরির ক্রিকেটযাত্রা যেন রূপকথার গল্প। দিল্লিতে জন্ম এবং পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এই অলরাউন্ডার। এবার প্রথম অস্ট্রেলিয়ার টি-২০ জাতীয় দলে সুযোগ পেলেন। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত দলে তাঁর নাম রয়েছে।

৩০ বছর বয়সি নিখিল অস্ট্রেলিয়ার হয়ে না খেললেও বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া সাফল্য পেয়েছেন। তারই পুরস্কার হিসেবেই এই ডাক এসেছে। সম্প্রতি তিনি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত ছিলেন।

নিখিলের ক্রিকেট-যাত্রা বেশ ব্যতিক্রমী। ভারতে পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও আইপিএলে সুযোগ না পাওয়ায় তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। কোভিড-১৯ মহামারির সময় ব্রিসবেনে আটকে পড়ার পর সেখানকার ক্লাব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে তাঁর বিস্ফোরক ব্যাটিং ও কার্যকর অফ-স্পিন নজর কাড়ে নির্বাচকদের। সেই সূত্রেই বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে সুযোগ পান।

শুধু টি-২০ নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নিখিল। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে শোরগোল ফেলে দেন তিনি। ব্যাট হাতেও রয়েছে সেঞ্চুরি। ফলে তাঁকে ভবিষ্যতের সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবেই দেখছে অস্ট্রেলীয় ক্রিকেট মহল।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাওয়ার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দরজা খুলে গেল নিখিলের সামনে। ভারতের মাটিতে ক্রিকেট শেখা এক ক্রিকেটারের অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বিরল কৃতিত্ব। এখন দেখার, সুযোগ পেলে আন্তর্জাতিক মঞ্চেও তিনি নিজের প্রতিভা মেলে ধরতে পারেন কি না।