• facebook
  • twitter
  • youtube
Saturday, 26 September, 2026

শরতের আকাশে মেঘের ঘনঘটা, সপ্তাহান্তেও কি বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ?

কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।  

শরতের আকাশে মেঘের ঘনঘটা, সপ্তাহান্তেও কি বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ?

Image: ANI

আবহাওয়ার মুড বোঝা দায়। কখনও রোদ ঝলমলে আকাশ। তো কখনও আবার আকাশের মুখ ভার। হালকা থেকে ভারী বৃষ্টিতে সপ্তাহভর ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। রেহাই পায়নি উত্তরও। সপ্তাহান্তেও কি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার থেকে আগামী ছদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও আগাম সতর্কতা নেই।

শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া   

শনি ও রবিবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কমবে। কিন্তু শনি ও রবিবার ঝড়বৃষ্টির কোনও আগাম সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় শনিবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

শনি ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া   

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণ দিনাজপুর ও মালদায় আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।