• facebook
  • twitter
  • youtube
Sunday, 22 November, 2026

২৩ নভেম্বরের মধ্যে বাজেট প্রস্তাব জমার নির্দেশ, ২০২৭-২৮ অর্থবর্ষের প্রস্তুতি শুরু রাজ্যে

২০২৭-২৮ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট তৈরির প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট তৈরির

২৩ নভেম্বরের মধ্যে বাজেট প্রস্তাব জমার নির্দেশ, ২০২৭-২৮ অর্থবর্ষের প্রস্তুতি শুরু রাজ্যে

২০২৭-২৮ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট তৈরির প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেট তৈরির কাজও এগোচ্ছে। এই দুই বাজেটের জন্য প্রশাসনিক ব্যয় সংক্রান্ত প্রস্তাব আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। গত বুধবার অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র এই নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকা অনুযায়ী, আই-বাজেট ২.০ পোর্টালের ডিপার্টমেন্টাল বাজেট এন্ট্রি মডিউলের মাধ্যমে প্রস্তাব জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া প্রস্তাবকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে। ফলে আলাদা করে কোনও কাগজের নথি পাঠানোর প্রয়োজন নেই।

২০২৬-২৭ অর্থবর্ষের সংশোধিত বাজেটের ক্ষেত্রে এখনও পর্যন্ত হওয়া প্রকৃত খরচ এবং আগামী মাসগুলিতে সম্ভাব্য ব্যয়ের হিসাব দিতে হবে। পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ, তহবিল পুনর্বিন্যাস এবং নতুন সাব-হেড চালুর প্রয়োজন থাকলে, সেই সংক্রান্ত প্রস্তাবও জমা দিতে হবে।

অন্যদিকে, ২০২৭-২৮ অর্থবর্ষের বাজেট তৈরির ক্ষেত্রে আগের বছরের প্রকৃত খরচ এবং চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেটকে ভিত্তি করতে বলা হয়েছে। আগের বছরের ব্যয়ের তুলনায় নতুন বরাদ্দের প্রস্তাবে বড়সড় ফারাক থাকলে তার কারণ ব্যাখ্যা করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের সঙ্গে আলোচনা করার নির্দেশও দেওয়া হয়েছে।

পাশাপাশি সরকারি খরচ নিয়ন্ত্রণে আগে জারি করা নির্দেশিকাগুলি মেনে চলার কথাও মনে করিয়ে দিয়েছে অর্থ দপ্তর। অনলাইনে প্রস্তাব জমা দিতে গিয়ে কোনও প্রযুক্তিগত সমস্যা হলে অর্থ দপ্তরের বাজেট ও ই-গভর্ন্যান্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।