রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগামী ২৫ বছর ধরে রাজ্যে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের সঙ্গে এই মর্মে চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের (এইএসএল) উপর উৎপাদন থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বও দেওয়া হচ্ছে। রাজ্যের বিদ্যুৎ ঘাটতি মেটানোর পাশাপাশি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা পূরণেও এই উদ্যোগ কার্যকর হবে বলে আশা।
জানা গিয়েছে, ২০২৮ সালের জুলাই থেকে প্রথম পর্যায়ে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে আদানি গোষ্ঠী। দ্বিতীয় পর্যায়ে ২০২৯ সালে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে রাজ্য। সব মিলিয়ে ২৫ বছর ধরে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই চুক্তি বলে মনে করা হচ্ছে।
আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সিইও কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি সরবরাহের ক্ষেত্রে তাঁদের সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশজুড়ে পরিবেশবান্ধব বিদ্যুতের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তাঁরা খুশি বলেও জানিয়েছেন তিনি। এই চুক্তির ফলে রাজ্যে সংস্থার কাজের পরিধি আরও বাড়বে বলে তাঁর বক্তব্য।
চুক্তি অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি ও বায়ুশক্তির পাশাপাশি ব্যাটারিভিত্তিক শক্তি ব্যবস্থাও ব্যবহার করা হবে। ৪.৬ গিগাওয়াট সৌর ও বায়ুশক্তি এবং ৩.৬ গিগাওয়াট ব্যাটারিভিত্তিক শক্তি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পাশাপাশি স্মার্ট মিটার বসানোর দায়িত্বও পালন করবে আদানি এনার্জি সলিউশনস। এই বিদ্যুৎ গৃহস্থালির প্রয়োজন মেটানোর পাশাপাশি শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।




