-বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হল ঋতব্রত তৃণমূল ঘনিষ্ঠ বিধায়ক কানাইয়ালাল আগারওয়ালকে। এই নিয়োগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রয়াত মুকুল রায় ও আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সুমন কাঞ্জিলালকে একইভাবে পিএসির চেয়ারম্যান করা হয়েছিল। খাতায়-কলমে তাঁরা বিজেপির বিধায়ক থাকলেও দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন।
সেই সময় বিরোধী বিজেপি এই নিয়োগের বিরোধিতা করলেও তৎকালীন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংসদীয় রীতির কথা উল্লেখ করে সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। এবারও কার্যত একই নজির অনুসরণ করে কানাইয়ালাল আগারওয়ালকে পিএসির চেয়ারম্যান করা হল। যদিও রাজনৈতিক মহলে গুঞ্জন, ঋতব্রত-পন্থীদের একাংশের বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাঁরা এখনও তৃণমূলেরই বিধায়ক।
এদিকে পালাবদলের পর তৃণমূলে বড়সড় ভাঙনের চিত্র সামনে এসেছে। দলের একাংশ নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করেছে বলে রাজনৈতিক মহলের দাবি। একইসঙ্গে পরিষদীয় দলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ শিথিল হয়েছে বলে আলোচনা চলছে। সূত্রের দাবি, ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআইকে সমর্থন জানিয়েছেন| এমন পরিস্থিতিতে পিএসির চেয়ারম্যান নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। রাজ্য সরকারের আয়-ব্যয় এবং সরকারি অর্থ ব্যবহারের উপর নজরদারি করে এর প্রধান কাজ। স্বচ্ছতা বজায় রাখতে সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত বিরোধী দলের কোনও বিধায়ককেও এই কমিটির চেয়ারম্যান করা হয়। কানাইয়ালাল আগারওয়ালের নিয়োগ সেই প্রথা ঘিরেই হয়েছে।




